নিপাহ ভাইরাসে ছাত্রীর মৃত্যু?
রাজবাড়ীর গোয়ালন্দ পৌর শহরের কুমড়াকান্দি গ্রামে বীথি আক্তার (৯) নামের এক স্কুলছাত্রী অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। শিশুটির পরিবার বলছে, সে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। চিকিৎসকেরা বলছেন, নিপাহ ভাইরাস পরীক্ষার জন্য আলামত ঢাকার আইসিডিডিআরবিতে পাঠানো হয়েছে।
বীথি স্থানীয় ডিম বিক্রেতা আক্কাছ আলী শেখের মেয়ে এবং উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।
আক্কাছ আলী শেখ বলেন, ‘মঙ্গলবার বিকেল থেকে বীথি হঠাৎ জ্বর ও শ্বাসকষ্ট অনুভব করতে থাকে। আমরা স্বাভাবিক জ্বর ভেবে তেমন কিছুই করিনি। সময় বাড়ার সঙ্গে সঙ্গে জ্বরও বাড়তে থাকে। একপর্যায়ে রাত দুইটার দিকে কয়েকবার খিঁচুনি উঠলে সে জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় মাথায় তেল-পানি দেওয়ার পর তার জ্ঞান ফিরে আসে। তবে কিছুক্ষণ পর সে আবার জ্ঞান হারিয়ে ফেলে। পরে বুধবার ভোরে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা দেখার পর দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটার দিকে বীথি মারা যায়।’
পরিবারের সদস্যরা আরও জানান, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, পাখিতে খাওয়া ফল খাওয়ার পর বীথি নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারে।
গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় কবরস্থানে বীথির লাশ দাফন করা হয়। এর আগে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কে এম তারিকসহ চিকিৎসকদের একটি দল আক্কাছ আলীর বাড়ি পরিদর্শন করে এবং উপস্থিত লোকজনকে খেজুরের কাঁচা রস এবং পাখির খাওয়া যেকোনো ফল খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেয়।
কে এম তারিক প্রথম আলোকে বলেন, নিপাহ ভাইরাসে আক্রান্ত ব্যক্তির শরীরে প্রথমে জ্বর, শ্বাসকষ্ট, খিঁচুনিসহ অন্যান্য উপশম দেখা দেয়। বীথিকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসকেরা বীথির মুখের লালা, রক্ত ও প্রস্রাব সংগ্রহ করে আইসিডিডিআরবিতে পাঠিয়েছেন। প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিপাহ ভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে বলা যাবে না। তিনি বলেন, বীথির বিষয়টি শোনামাত্র সিভিল সার্জনকে জানানো হয়েছে। তাঁর পরামর্শে খেজুরের কাঁচা রস সেবন এবং পাখির খাওয়া যেকোনো ফল খাওয়া থেকে বিরত থাকতে উপজেলাবাসীর মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য মাইকিং করা হচ্ছে।