জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পয়লা বৈশাখের দিন আদিবাসী এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কারসহ চার দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের পাদদেশে ‘শিক্ষক-শিক্ষার্থী ঐক্য মঞ্চ’ ব্যানারে এসব কর্মসূচি পালিত হয়।
এ সময় সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, প্রক্টর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। উপরন্তু ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। আমরা তাঁর অপসারণ দাবি করছি না। কিন্তু আমরা মনে করছি তাঁর স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত।
ইতিহাস বিভাগের শিক্ষক আনিছা পারভীন নিপীড়কদের বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কারসহ চার দফা দাবি ঘোষণা করেন।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন আদিবাসী ছাত্র সংগঠনের সভাপতি জয় সেন, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দ্বীপাঞ্জন সিদ্ধার্থ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের শিক্ষক এ টি এম আতিকুর রহমান, মোহাম্মদ গোলাম রব্বানী, দর্শন বিভাগের রায়হান রাইন, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের সোহেল আহমেদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের মো. আমিনুল ইসলাম, ফার্মেসি বিভাগের মো. ফখরুল ইসলাম প্রমুখ। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ২২টি ছাত্রসংগঠন সংহতি প্রকাশ করে।