নিপীড়নের বিরুদ্ধে এবার হোক প্রতিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যৌন সন্ত্রাস রুখে দাঁড়াও’, ‘অনন্ত বিজয় খুন হয়, প্রশাসন নীরব রয়’, ‘নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ নয়, এবার হোক প্রতিরোধ’, ‘চলো এবার নামি পথে, পথে হবে পথ চেনা’—এমন আরও নানা স্লোগানসংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে রাস্তায় নেমেছেন মানুষ। তাঁদের দাবি—ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ড ও পয়লা বৈশাখে যৌন নিপীড়নের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
গতকাল শুক্রবার বরিশাল নগরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ দাবি জানানো হয়। অশ্বিনীকুমার হল চত্বরে বিকেল পাঁচটায় আয়োজিত এ সমাবেশে সর্বস্তরের মানুষ অংশ নেন। আয়োজক গণজাগরণ মঞ্চ ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
সমাবেশে বক্তারা বলেন, পয়লা বৈশাখের অনুষ্ঠানে যৌন নিপীড়নের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। নিপীড়নকারীদের ধরিয়ে দেওয়ার পরও পুলিশ তাদের ছেড়ে দেয়। উল্টো বিচারের দাবিতে করা শান্তিপূর্ণ কর্মসূচিতে বর্বরোচিত হামলা চালানো হয়েছে।
বক্তারা বলেন, একের পর এক ব্লগার হত্যা করা হচ্ছে, কিন্তু একজন খুনিও গ্রেপ্তার হচ্ছে না। মুক্তচিন্তার মানুষ হত্যা করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করলেও সরকার তা রুখতে ব্যর্থ হচ্ছে। অবিলম্বে সব ব্লগার হত্যাকারী, যৌন নির্যাতনকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।