নিপীড়িত মানুষের পাশে থেকেছে প্রথম আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব সময় নির্যাতিত-নিপীড়িত মানুষের পাশে থেকেছে প্রথম আলো। একই সঙ্গে সংবাদ পরিবেশনে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে গেছে। এ কারণে ১৮ বছর ধরে শীর্ষস্থান ধরে রাখতে পেরেছে পত্রিকাটি। ১৮ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রথম আলো বন্ধুসভা আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীণ আখতার।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ অনুষ্ঠান চলে। সাহসিকতা ও মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করা ফারাজ হোসেনকে অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়।
দুপুর সাড়ে ১২টায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংগীত শেষে গুলশানের হলি আর্টিজানে নিহত ব্যক্তিদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বন্ধুসভার বন্ধুরা গান শোনান। বেলা দেড়টায় শিরীণ আখতার অনুষ্ঠানে যোগ দেন। তিনি উপস্থিত সবাইকে নিয়ে প্রথম আলোর ১৮ বছর পূর্তির কেক কাটেন।
শিরীণ আখতার বলেন, প্রথম আলো সাধারণ মানুষের পাশে থাকবে এ বিশ্বাস রয়েছে। প্রথম আলোর পথচলা আরও সুন্দর হবে বলেও আশা করেন তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রথম আলো বন্ধুসভার সভাপতি ফলিত ও পরিবেশ রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক সুমন গাঙ্গুলি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রামেন্দু পারিয়াল ও প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা।
অনুষ্ঠানে কৌতুক শোনান মীরাক্কেলখ্যাত মো. কায়কোবাদ। বন্ধুসভার বন্ধুদের গান, নাচ ও আবৃত্তি পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।