
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নামে ‘ওয়াশিংটন টাইমস’ পত্রিকায় প্রকাশিত নিবন্ধ নিয়ে সাংবাদিকদের প্যাঁচানোর চেষ্টা না করতে বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন।গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন করা হয়। গত ৩০ জানুয়ারি ‘ওয়াশিংটন টাইমস’-এ ‘দ্য থ্যাঙ্কসলেস রোল ইন সেভিং ডেমোক্রেসি ইন বাংলাদেশ, করাপশন অ্যান্ড স্টেলিং থ্রেটেন আ ওয়ানস ভাইব্রেন্ট নেশন’ শীর্ষক একটি নিবন্ধ প্রকাশিত হয়।ওই নিবন্ধের নিচে লেখকের পরিচিতি হিসেবে লেখা ছিল, ‘বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ ও বর্তমানে সংসদের বিরোধীদলীয় নেতা’। গত শনিবার বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া জাতীয় সংসদে বাজেট আলোচনায় বলেন, ওই নিবন্ধ তাঁর নয়। একই দিন সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নিবন্ধটি বিরোধীদলীয় নেতারই লেখা।
সংবাদ সম্মেলনে রিজভীর কাছে সাংবাদিকেরা ওই নিবন্ধের বিষয়ে নানা প্রশ্ন করেন।সাংবাদিকেরা জানতে চান, প্রকাশিত হওয়ার পর বিএনপির একাধিক নেতা বিভিন্ন সময়ে নিবন্ধটির সমর্থনে বক্তব্য দিয়েছিলেন, এখন আবার এর বিরোধিতা করছেন কেন? এত দিন নিবন্ধটির বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়নি কেন?
জবাবে রিজভী দাবি করেন, শুরু থেকে বিএনপি ওই নিবন্ধের প্রতিবাদ করে আসছে।এখনো করছে।সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘এটা নিয়ে প্যাঁচানোর চেষ্টা করবেন না।’