নিবন্ধ লেখার জন্য খালেদা জিয়াকে ক্ষমা চাইতে হবে: হানিফ
যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক সুবিধা (জিএসপি) বাতিলের দাবি জানিয়ে মার্কিন পত্রিকায় নিবন্ধ লেখার জন্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। গতকাল বুধবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে মাহবুব উল আলম হানিফ এ মন্তব্য করেন। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের জিএসপি স্থগিতের জন্য খালেদা জিয়া ওয়াশিংটন টাইমস-এ নিবন্ধ লিখেছেন। এর প্রমাণ আছে। দেশের প্রতি শ্রদ্ধা ও জনগণের প্রতি দায়বদ্ধতা থাকলে অবশ্যই বিরোধীদলীয় নেতাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
হানিফ বলেন, ‘খালেদা জিয়ার নিবন্ধ লেখার সত্যতা যাচাই করতে আমরা ওয়াশিংটন টাইমস-এর নির্বাহী সম্পাদক ডেভিড জ্যাকসনের সঙ্গে যোগাযোগ করি। তিনি নিবন্ধের বিষয়ে নিশ্চিত করেছেন। আমাদের কাছে সে চিঠিও আছে।’ হানিফ আরও বলেন, খালেদা জিয়ার ওই নিবন্ধ ছাপানোর পর যখন জাতি এর নিন্দা করছিল, তখন বিএনপির নেতা মওদুদ আহমদ বলেছিলেন, খালেদা জিয়ার লেখা সরকারের আঁতে গা লেগেছে, বিরোধীদলীয় নেতা দায়িত্ব নিয়েই নিবন্ধটি লিখেছেন। আর শমসের মুবিন চৌধুরী বলেছিলেন, প্রয়োজনে এমন প্রবন্ধ খালেদা জিয়া আরও লিখবেন।