নিবন্ধন ও ভর্তি ফি কমানোর দাবিতে ক্লাস বর্জন, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিবন্ধন ও ভর্তি ফি কমানোর দাবিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য ১৮ মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে স্নাতকোত্তর কোর্সে ভর্তি ও নিবন্ধন ফি বাবদ ১৫ হাজার ২৫০ টাকা নির্ধারণের কথা বলা হয়।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এখানে বেশি টাকা আদায় করা হচ্ছে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বেলা ১১টার দিকে উপাচার্য আবদুস সাত্তার ১২টি বিভাগের চেয়ারম্যান, তিনটি অনুষদের ডিন, ছাত্র উপদেষ্টাসহ অন্য কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন।

উপাচার্য প্রথম আলোকে বলেন, অনার্স কোর্সে ভর্তির সময় ১২ হাজার টাকা নেওয়া হয়। মাস্টার্স কোর্সে ভর্তিতে তিন হাজার টাকা বেশি নেওয়া হবে—এটা খুবই স্বাভাবিক। এ ছাড়া অনার্স কোর্সের শিক্ষার্থীরা চার বছর ধরে সাড়ে চার হাজার টাকা করে নিবন্ধন ফি দিয়ে আসছেন। চার বছর পর এখন কেন তাঁরা চলমান ফি কমানোর দাবি জানাবেন। অন্য উদ্দেশ্যে তাঁরা ক্যাম্পাস উত্তপ্ত করার অপচেষ্টা চালাচ্ছেন বলে তিনি মন্তব্য করেন।