নিবন্ধন কার্ড পাননি ১০৩ ছাত্রী, ধর্মঘটের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেজিস্ট্রেশন কার্ড না পাওয়ায় রংপুর বেগম রোকেয়া কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ১০৩ ছাত্রীর শিক্ষাজীবন অনিশ্চিয়তার মধ্যে পড়েছেন। কার্ডের দাবিতে গতকাল সোমবার থেকে শিক্ষার্থীরা কলেজে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করেছেন। কলেজের ভর্তি কমিটির আহ্বায়ক ও বাংলা বিভাগের অধ্যাপক নুরুল আলম বলেন, ২০১০-২০১১ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো অনলাইনে প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি করানো হয়েছে। এতে কোনো সমস্যা হয়ে থাকতে পারে। ইংরেজি প্রথম বর্ষের শিক্ষার্থী মাহবুবা ফেরদৌসী বলেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনেক আশা নিয়ে তিনি ইংরেজি বিভাগে ভর্তি হন। সামনে প্রথম বর্ষ চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনেকের নামে নিবন্ধন কার্ড এলেও তাঁর আসেনি। এর ফলে পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। আরেক শিক্ষার্থী সাবিহা খাতুন বলেন, রেজিস্ট্রেশন কার্ড না এলে পড়াশোনা হয়তো ছেড়ে দিতে হবে। গতকাল রোববার দুপুরে কলেজে নিবন্ধন কার্ড না পাওয়া শিক্ষার্থীরা এক সংবাদ সম্মেলনে করেন। এতে কার্ড না এলে সর্বস্তরের শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে। এরই অংশ হিসেবে আজ সোমবার থেকে কলেজে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করা হয়েছে।কলেজের অধ্যক্ষ আবদুল লতিফ জানান, এই কলেজে ইংরেজি বিভাগে ১৪০ জন ছাত্রীর মধ্যে ১০৩ জন ছাত্রীর কার্ড আসেনি। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিবন্ধন কার্ড না পাওয়া শিক্ষার্থীদের একটি তালিকা চেয়েছিল। ইতিমধ্যে এই তালিকা ফ্যাক্সযোগে পাঠানো হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন মোবাশ্বেরা খানম মুঠোফোনে বলেন, এ সমস্যা সামাধানের জন্য বিজ্ঞান অনুষদের ডিন এস এম আবু রায়হানকে প্রধান করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।বগুড়ার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের ৬৭ জন শিক্ষার্থী তাঁদের নিবন্ধনের দাবিতে আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছেন। নিবন্ধনের দাবিতে গতকাল রোববার সকালে শিক্ষার্থীরা তাঁদের কলেজের সামনের বনানী থেকে মাটিডালি সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। অধ্যক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।কলেজের ৬৭ শিক্ষার্থী ২০১০-২০১১ শিক্ষাবর্ষের ইংরেজি বিষয়ে সন্মান শ্রেণীতে ভর্তি হন। কিন্তু দীর্ঘদিনেও তাঁদের নিবন্ধনের কাগজ না আসায় গত জানুয়ারি থেকে আন্দোলন করে আসছেন। কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামস-উল আলম জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আগামী ৬ মার্চ এ বিষয়ে ডেকে পাঠিয়েছেন।