নিবন্ধন ছাড়াই চলছে অধিকাংশ অটোরিকশা
রংপুরে অধিকাংশ ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধন নেই। সিটি করপোরেশনের কাছে নিবন্ধিত তিন হাজার ৩৫০টি অটোরিকশার তথ্য থাকলেও এলাকায় চলাচলকারী মোট অটোরিকশার সংখ্যা প্রায় নয় হাজার।
সিটি করপোরেশন সূত্র জানায়, ২০০৯ সালে নগরে ব্যাটারিচালিত আটোরিকশা চলাচল শুরু হয়। এর পর থেকেই এর চাহিদা বাড়তে থাকে। ওই সময় তিন হাজার ৩৫০টি ব্যাটারিচালিত অটোরিকশা চালু হওয়ার পর নতুন করে আর কোনো নিবন্ধন দেওয়া হয়নি। তখন অটোরিকশাপ্রতি তিন হাজার টাকা করে নিবন্ধন ফি নেওয়া হয়। পাশাপাশি প্রতিবছর নবায়ন ফি বাবদ দেড় হাজার টাকা নির্ধারণ করা হয়।
সিটি করপোরেশন সূত্র জানায়, নতুন করে অটোরিকশার নিবন্ধন দেওয়া না হলেও নগরে এখন আনুমানিক নয় হাজার অটোরিকশা চলাচল করছে।
স্থানীয় লোকজন জানান, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অটোরিকশার আধিক্যের কারণে যানজট লেগেই থাকে। এর ফলে নাগরিকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সচেতন নাগরিক কমিটির সদস্য চিকিৎসক মফিজুল ইসলাম বলেন, লাইসেন্সবিহীন অটোরিকশার সংখ্যা বেড়ে গেছে। এ ছাড়া চালকদেরও অদক্ষতা রয়েছে। এতে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে।
রংপুর অটোরিকশা চালক সমিতির সভাপতি আবদুল জলিল জানান, সমিতির পক্ষ থেকে মাঝেমধ্যেই অটোরিকশা আটক অভিযান চালানো হয়।
সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ বলেন, ‘আমি দুর্ঘটনায় আহত হওয়ার পর থেকে নাগরিকদের ভোগান্তির বিষয়গুলো নিয়ে আপাতত সরেজমিনে দেখতে পারছি না।’