নিবন্ধন ছাড়া চলছে ৫০ হাজারের বেশি ট্রলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদী থেকে লাশ উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। গত ২৮ মার্চ এই নদীতে ট্রলার ডুবে ১৭ জন মারা যান। ছবি: ইনজামামুল হক
বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদী থেকে লাশ উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। গত ২৮ মার্চ এই নদীতে ট্রলার ডুবে ১৭ জন মারা যান। ছবি: ইনজামামুল হক

বাগেরহাট ও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সম্প্রতি ডুবে যাওয়া দুটি ট্রলারই ১৬ অশ্বশক্তির (হর্স পাওয়ার) কম ক্ষমতার। সারা দেশে এমন নৌযান চলছে ৫০ হাজারের বেশি। নকশা ছাড়া তৈরি এসব নৌযান খেয়া পারাপারের উপযোগী হলেও চলছে দূরের পথে। যাত্রীও বহন করে বেশি। এ কারণে ঘটছে দুর্ঘটনা।
নিবন্ধনহীন এসব নৌযানের জন্য কোনো আইনও নেই। ফলে এগুলো বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বা নৌপরিবহন অধিদপ্তরের আওতাধীন নয়। এগুলো দেখভালের দায়িত্ব স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও নৌ পুলিশের থাকলেও তা ঠিকমতো পালিত হয় না। তদারকির অভাবে ট্রলারগুলো চলছে ইচ্ছেমতো।
নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ১৬ অশ্বশক্তির কম ক্ষমতার ছোট নৌযান রয়েছে ৫০ হাজারের বেশি। আইন না থাকায় এসব নৌযানের দুর্ঘটনা ঘটলেও কিছু করার থাকে না। ১৭ থেকে ২৪ অশ্বশক্তি ক্ষমতার নিবন্ধিত নৌযান রয়েছে সাত হাজারের মতো।
সূত্রগুলো বলেছে, ১৬ অশ্বশক্তির কম ক্ষমতার ট্রলারগুলো খেয়া পারাপারের জন্য তৈরি। এগুলোর যাত্রী ধারণক্ষমতা ১২ জন। কিন্তু চলাচল করে ১০০ জনও। সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো সাধারণত নিবন্ধিত নৌযানের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নেয়। বড় নৌযান তৈরির জন্য নকশা অনুমোদন ও নিবন্ধন বাধ্যতামূলক হলেও ছোট নৌযানের ক্ষেত্রে এগুলোর বাধ্যবাধকতা নেই।
সম্প্রতি বাগেরহাট ও সোনারগাঁয়ে দুই দিনের ব্যবধানে দুটি ট্রলার ডুবে ২৮ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে গত ২৮ মার্চ বাগেরহাটের পানগুছি নদীতে ট্রলার ডুবে ১৭ জন মারা যায়। অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণেই ট্রলারটি ডুবে যায় বলে ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি বলেছে। এ ছাড়া ৩০ মার্চ রাজধানীর রামপুরা থেকে ৯০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার চাঁদপুরের মতলবে যাওয়ার পথে সোনারগাঁয়ে মেঘনা নদীতে ডুবে যায়। এ দুর্ঘটনায় মারা যান ১১ জন। নিখোঁজ রয়েছেন ছয়জন। এ দুর্ঘটনার কারণ বৈরী আবহাওয়াও। ছোট নৌযান বলে এবং অতিরিক্ত যাত্রী থাকায় পরিস্থিতি মোকাবিলা করতে পারেনি। যাত্রী কম থাকলে প্রাণহানিও কম হতো। এদিকে ২ এপ্রিল সন্ধ্যায় চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে নৌকা উল্টে ১৭ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। অবশ্য ওই নৌকাটি ছিল লাইফবোট।
নৌপরিবহন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৬ অশ্বশক্তির কম ক্ষমতার নৌযান চলাচল করে বিশেষত হাওরাঞ্চলে। যেমন সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনা। ভোলা, বরিশালের কিছু নৌপথেও এমন ট্রলার চলে। প্রত্যন্ত ও অভ্যন্তরীণ পথে এসব নৌযান দুর্ঘটনায় পড়লেও বেশির ভাগ সময় তা থাকছে জানার বাইরে। আর যেসব ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়, তা নিয়ে দুদিন তোড়জোড় হয়। পরে সব থেমে যায়। শুকনো মৌসুমে এসব নৌযান সেচকাজে ব্যবহৃত হয়।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, ১৯৮৮ সালের বন্যার সময় তৎকালীন এরশাদ সরকার ছোট নৌযানের নিবন্ধন ও নকশা লাগবে না বলে ঘোষণা করে। তবে বলা হয়, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নৌ পুলিশ এগুলো দেখভাল করতে পারবে। ওই ঘোষণার পর থেকে নকশা অনুমোদন ছাড়াই তৈরি হচ্ছে এমন ট্রলার। বাগেরহাটে ছোট নৌযানগুলোর সমিতি নিয়ম করেছে, ছোট নৌযান কেবল খেয়া পারাপারে ব্যবহৃত হবে। কিন্তু এগুলো দূরপাল্লায় চললেও নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।
নৌপরিবহন অধিদপ্তরের সূত্রমতে, নিবন্ধিত না হওয়ায় ছোট নৌযানগুলো থেকে সরকার কোনো রাজস্ব পায় না। মালিকানা নির্ধারণ এবং এগুলোর চলাচলের ক্ষেত্রটিও নির্দিষ্ট করা নেই। এই সুযোগে দূরযাত্রায়ও এগুলো চলছে। হাওরাঞ্চলে কোনো কোনো ছোট নৌযান চুরি-ডাকাতিতেও ব্যবহৃত হয়। এ ছাড়া এমন নৌযান চুরি হলে মালিক প্রমাণ করতে পারেন না, ওই নৌযান তাঁর। আবার দুজন একসঙ্গে একটি নৌযানের মালিকানা দাবি করলেও ঝামেলার সৃষ্টি হয়।
অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ফখরুল ইসলাম বলেন, অধিদপ্তরের অধীনে ‘নৌশুমারি’বিষয়ক একটি প্রকল্প তৈরি করা হয়েছে। এই শুমারি হলে বোঝা যাবে, কোন অঞ্চলে কত নৌযান রয়েছে এবং ১৬ অশ্বশক্তির কম বা বেশি কত ধরনের নৌযান চলছে। প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সব ঠিক থাকলে আগামী জুলাই নাগাদ প্রকল্পের কাজ শুরু করা যাবে। তখন এসব নৌযানকে আইনের আওতায় আনার বিষয়ে সামগ্রিক একটা পরিকল্পনা নেওয়া যাবে।