নিবন্ধন ছাড়াই চলছে কিন্ডারগার্টেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবার হাত ধরে বিদ্যালয়ে যাচ্ছে রুম্পা। বয়স আড়াই থেকে তিন বছর। বাবার কাঁধে ব্যাগ, পানির বোতল। বিদ্যালয়ের সদর দরজায় রুম্পাকে দারোয়ানের হাতে বুঝিয়ে দিয়েই ফিরছিলেন রুম্পার বাবা বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী শফিক আহমেদ। বললেন, ‘বাসার কাছাকাছি স্কুল, তাই বাচ্চাকে স্কুলমুখী করার জন্য ভর্তি করিয়েছি। ওর মা এসে নিয়ে যাবে।’

নগরের হালিশহর এল ব্লকের ওই কিন্ডারগার্টেনের কাছাকাছি হালিশহর হাউজিং এস্টেটের আশপাশে রয়েছে আরও অন্তত ১০টি কিন্ডারগার্টেন। সবগুলোই চলছে ভাড়া বাড়িতে। দোতলা অথবা একতলা বাড়ির কয়েকটি ছোট কক্ষ নিয়ে পরিচালিত এসব কিন্ডারগার্টেনের কোনোটিতেই ছোটাছুটি কিংবা খেলাধুলা করার মতো এতটুকু খালি জায়গা নেই। চার দেয়ালের ভেতর শ্রেণীরকাজ শেষে শিশুশ্রেণীর শিক্ষার্থীরা বেরোনোর পর অপেক্ষমাণ ওপরের শ্রেণীর শিক্ষার্থীরা ঢোকে ওইসব কক্ষে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, কোনো ধরনের নিয়মনীতি ছাড়াই চলছে নগরসহ জেলার বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা বেসরকারি শিশু-শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। সমপ্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নির্দিষ্ট ফির বিনিময়ে কিন্ডার গার্টেনগুলোকে নিবন্ধন করার নির্দেশ দিলেও কেউ তা মানছে না।

জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা প্রথম আলোকে বলেন, ‘কিন্ডারগার্টেনগুলোতে আমাদের সরাসরি নিয়ন্ত্রণ নেই। আমরা এগুলোতে বিনা মূল্যে বই সরবরাহ করি এবং আমাদের অধীনে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিতে পারে এটুকুই।’ তিনি জানান, সরকার এসব বিদ্যালয়ের নিবন্ধনব্যবস্থা চালু করেছে। আগামী বছরের জানুয়ারি থেকে নিবন্ধিত বিদ্যালয়গুলোকে বই বিতরণ এবং পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে।’

জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রণীত বাংলা ও ইংরেজি মাধ্যমের বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা ২০১১ অনুযায়ী, বিদ্যালয় স্থাপনকারী অথবা পরিচালনাকারী ব্যক্তিকে প্রাথমিক অনুমতির জন্য মেট্রোপলিটন সিটি ও বিভাগীয় শহরের জন্য পাঁচ হাজার, জেলা সদরের জন্য তিন হাজার এবং উপজেলা সদরের জন্য দুই হাজার টাকা নিবন্ধন ফি জমা দিতে হবে।

নগরে কিন্ডারগার্টেনের সঠিক সংখ্যা জানা যায়নি। তবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে বই সংগ্রহ ও পরীক্ষার্থী অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের তালিকায় এক হাজার ৩৫টি কিন্ডারগার্টেনের নাম রয়েছে।

 সূত্র জানায়, সব কিন্ডারগার্টেনের অধীনে সমাপনী পরীক্ষা হয় না। কোনো কোনোটি অন্য বিদ্যালয়ের মাধ্যমে পরীক্ষায় অংশ নেয়। আবার কোনো কোনোটির রয়েছে একাধিক শাখা বিদ্যালয়ও। সব মিলিয়ে নগরের বিভিন্ন পাড়া-মহল্লায় আরও হাজার খানেক কিন্ডারগার্টেন রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক অভিযোগ করেন, বেশির ভাগ কিন্ডারগার্টেনে শিক্ষার মান ভালো নয় এবং শিক্ষকেরা নিজেরাই ‘প্রফেসর’, ‘অধ্যক্ষ’ ইত্যাদি পদমর্যাদা ব্যবহার করছেন। কিন্তু উপায় না দেখে তারা এসব কিন্ডারগার্টেনে শিশুদের ভর্তি করান।

এ বিষয়ে শিক্ষাবিষয়ক গবেষণার সঙ্গে জড়িত সরকারি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের শিক্ষক শামসুদ্দিন শিশির বলেন, ‘ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা কিন্ডারগার্টেনগুলো একেকটি প্রজন্ম ধ্বংসের কারখানায় পরিণত হচ্ছে। কারণ, কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে যার যেমন খুুশি গড়ে তুলছেন এসব কিন্ডারগার্টেন।’

সংশ্লিষ্ট সূত্র জানায়, নগরের বেশির ভাগ কিন্ডারগার্টেন নিয়ন্ত্রণ করে সাত-আটটি ছোট-বড় সংগঠন। এর মধ্যে তিনটি বড় সংগঠনের নিয়ন্ত্রণে রয়েছে প্রায় সাড়ে ৫০০ কিন্ডারগার্টেন। এগুলো হচ্ছে, কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কিন্ডারগার্টেন এডুকেশন অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আওতায় মহানগর, হাটহাজারী, অক্সিজেন, আনোয়ারা ও রাঙ্গুনিয়ায় রয়েছে ১০৫টি কিন্ডারগার্টেন। এর মধ্যে সংগঠনের সভাপতির ব্যক্তিগত মালিকানায় ১৮টি কিন্ডারগার্টেন পরিচালিত হচ্ছে। যোগাযোগ করা হলে সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি দিদারুল ইসলাম বলেন, ‘আমাদের সমিতির স্কুলগুলোর শিক্ষকদের পাঠদান তদারকি এবং প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হয়। আমরা এগুলোর সরকারি নিবন্ধনের আওতায় আনার পদক্ষেপ নিয়েছি।’

কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি কামাল উদ্দিন বলেন, ‘আমাদের সমিতিতে নিবন্ধিত ২০০টি কিন্ডারগার্টেন রয়েছে। শিক্ষার পরিবেশ বজায় রাখার বিষয়টি আমরা সরজমিনে তদারক করি এবং সেভাবে নির্দেশনা দিয়ে থাকি।’