মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) অনুমতি ছাড়াই খুলনায় ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করছে ৬০টি প্রতিষ্ঠান। এ ছাড়া জেলায় বাংলাদেশ ব্যাংকের গৃহায়ণ তহবিলের ঋণ কর্মসূচির আওতায় তিনটি কিস্তি খেলাপি প্রতিষ্ঠান রয়েছে।
গত নভেম্বরে অনুমোদনহীন এসব প্রতিষ্ঠানের তালিকাসহ জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠিয়েছে এমআরএ। ওই চিঠিতে বলা হয়, দেশের ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি আইন-২০০৬-এর আওতায় প্রতিষ্ঠিত হয় এমআরএ। ওই আইনের ১৫(১) ধারা অনুযায়ী অথরিটির সনদ ছাড়া কোনো প্রতিষ্ঠানের ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। তারপরও অনেক প্রতিষ্ঠান বেআইনিভাবে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করছে। এমআরএ থেকে পাঠানো চিঠিতে ওই সব অবৈধ ক্ষুদ্রঋণ কার্যক্রম বন্ধ করার জন্য জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানানো হয়েছে।
খুলনা জেলার মধ্যে এসব অবৈধভাবে ক্ষুদ্রঋণ পরিচালনা করা প্রতিষ্ঠান রয়েছে দাকোপে ৪টি, ডুমুরিয়ায় ৫০টি, ফুলতলায় ৪টি ও কয়রায় ২টি। এগুলো হলো দাকোপ উপজেলার মাদার অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার, মাতৃকল্যাণ ফাউন্ডেশন, স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা, কামালখোলা সুতারখালি দরিদ্র ম.উ. সংগঠন ও চলন্তিকা যুব সোসাইটি; ডুমুরিয়া উপজেলার দেলতলা, চেতনা, দ্যুতি, অগ্রগতি, আলোর রেখা, অগ্নিবীণা, নবপল্লী, পল্লী দারিদ্র্য বিমোচন, প্রশা, প্রগতি, প্রতিভা, প্রত্যয়, পূর্ণ মিলন, উদ্যম, বরুনা ফাউন্ডেশন, বন্ধু কল্যাণ, বাঁধন, মাতৃছায়া, রূপরামপুর, কালীবাটি, সৃজনী, মিতালী, ঝিলিক, দেবদুয়ার শেখপাড়া, পল্লী উন্নয়ন সংস্থা, আরশী সমাজ উন্নয়ন সংস্থা, আল-ইহসান ফাউন্ডেশন, ইউডো (ইউনাইটেড হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন), ইসলামী জাগরণী সংস্থা, পল্লী উন্নয়ন সংস্থা, প্রচেষ্টা, প্রভা সংস্থা, প্রভাতী সমাজকল্যাণ সংস্থা, ঊষা বাংলাদেশ, বন্ধন সমাজকল্যাণ সংস্থা, বাংলাদেশ পল্লী পরিবেশ উন্নয়ন সোসাইটি, এলাকা উন্নয়ন সংস্থা, মানবকল্যাণ সংস্থা, মুক্তা সমাজকল্যাণ সংস্থা, কৃষি কল্যাণ সংস্থা, শাফা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন, সমকাল, গ্রাম উন্নয়ন সংস্থা, গ্রামীণ জাগরণ, গীতা ফাউন্ডেশন, গণজাগরণ সংস্থা, হাসানপুর সমাজকল্যাণ কেন্দ্র, ঝিলিক মানবিক উন্নয়ন সংস্থা, ডি.কে সমাজকল্যাণ সংস্থা ও তনু; ফুলতলা উপজেলার ডেভেলপমেন্ট অব মহিলা সোসাইটি, পল্লী কল্যাণ সংস্থা (পিকেএস), উদ্ভাবনী মহিলা উন্নয়ন সংস্থা ও সিঁড়ি; কয়রা উপজেলার অগ্রদূত সমাজকল্যাণ যুব সংঘ ও সুন্দরবন একতা যুব সংঘ।
এমআরএ থেকে পাঠানো চিঠির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গৃহায়ণ তহবিল বিভাগ থেকে পাঠানো একটি চিঠি সংযুক্ত করা হয়েছে। ওই চিঠিতে তিনটি কিস্তি খেলাপি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে। ওই প্রতিষ্ঠান তিনটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও জেলা প্রশাসককে অনুরোধ করা হয়েছে। প্রতিষ্ঠান তিনটি হলো মায়ের আঁচল, জিয়া হেলথ ফাউন্ডেশন ও রুরাল আনফরচুনেটস সেফটি টেলিসম্যান ইলুমিনেশন কর্টেজ।
এসব বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক নাজমুল আহসান বলেন, ‘তালিকা পেয়েছি। তালিকা অনুযায়ী যাচাই-বাছাই করে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’