নিবন্ধন ছাড়াই প্রবেশপত্র!
কুমিল্লার লাকসাম উপজেলায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার রেজিস্ট্রেশন (নিবন্ধন) করেনি, এমন ১৩৯ জন শিক্ষার্থীর নামে প্রবেশপত্র ইস্যু করা হয়েছে। ফলে অতিরিক্ত প্রবেশপত্র নিয়ে বিপাকে পড়েছে সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ ও পরীক্ষা কমিটি। সারা দেশে গতকাল মঙ্গলবার থেকে এ পরীক্ষা শুরু হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৩৯টির মধ্যে উপজেলার ইছাপুরা কেন্দ্রীয় উচ্চবিদ্যালয়ে ৩৫ জন, নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চবিদ্যালয়ে ৩১, নরপাটি উচ্চবিদ্যালয়ে ৩০, গোবিন্দপুর উচ্চবিদ্যালয়ে ২৩, শহীদ আবুল খায়ের উচ্চবিদ্যালয়ে ১৭ এবং উত্তরদা উচ্চবিদ্যালয়ে তিনজন অতিরিক্ত শিক্ষার্থীর নামে প্রবেশপত্র পাঠিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। এসব শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় রেজিস্ট্রেশন করেনি। তাদের বেশির ভাগই বিদ্যালয়ে আর পড়াশোনা করে না।লাকসাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে লাকসামের ২৫টি বিদ্যালয়ে এবার মোট জেএসসি পরীক্ষার্থীর সংখ্যা তিন হাজার ৯২। অথচ প্রবেশপত্র ইস্যু হয়েছে তিন হাজার ২৩১ জন শিক্ষার্থীর নামে। উপজেলার শিক্ষার্থীদের মোট চারটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে।লাকসাম-১-এর কেন্দ্রসচিব খন্দকার রাশেদুল ইসলাম জানান, অতিরিক্ত প্রবেশপত্র পাঠানোর কারণে কমিটিকে আসন বিন্যাস নিয়ে বিপাকে পড়তে হয়েছে।অতিরিক্ত প্রবেশপত্র পাঠানোর সত্যতা নিশ্চিত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গাউছুল আজম জানান, বোর্ডের উদাসীনতার কারণেই এমনটি হয়েছে।এ ব্যাপারে যোগাযোগ করা হলে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ জানান, কয়েকটি বিদ্যালয়ের ক্ষেত্রে এমনটি হয়েছে। এসএসসি পরীক্ষার ক্ষেত্রে রেজিস্ট্রেশনের পরও দুই বছর সময় পাওয়া যায়, কিন্তু জেএসসির ক্ষেত্রে সময় পাওয়া যায় মাত্র ছয় মাস। কয়েকটি বিদ্যালয়ে ভর্তির তালিকা অনুযায়ী প্রবেশপত্র পাঠানোয় এ ভুল হয়েছে। তিনি আরও জানান, অতিরিক্ত প্রবেশপত্র পাঠানোয় তেমন জটিলতা হয়নি; কোনো পরীক্ষার্থী বাদ পড়লে বেশি সমস্যা হতো।