নিবন্ধন ছাড়াই বিক্রি হচ্ছে মুঠোফোনের সিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মগবাজার মোড় থেকে মালিবাগের দিকে যেতে পড়ে এমভি টেলিকম স্টোর। বিভিন্ন মুঠোফোন কোম্পানির লিফলেট ঝুললেও দোকানটিতে মূলত পান-বিড়ি বিক্রি হচ্ছে। তবে মুঠোফোনের সিম কার্ডও পাওয়া যায়। রিকশাচালক মো. করিম বাংলালিংকের সিম কিনে দোকানদারকে টাকা দিলেন। নিবন্ধন ফরম স্বাক্ষর করালেন না—প্রশ্ন করলে দোকানদার এই প্রতিবেদককে উল্টো প্রশ্ন করেন, ‘সেইটা আবার কী?’ তিনি জানান, বাংলালিংকসহ বিভিন্ন মুঠোফোন কোম্পানির লোকেরা এসে সিম দিয়ে যান। মোট বিক্রির ওপর তিনি কমিশন পান। তাঁর মূল ব্যবসা পান-বিড়ি বিক্রি। পড়াশোনা করেননি, তবে অক্ষর চেনেন। স্বাক্ষর করতে জানেন।বেইলী রোডের এক দোকান থেকে সিদ্ধেশ্বরী স্কুলের অষ্টম শ্রেণীর এক ছাত্রী এয়ারটেলের সংযোগ কিনেছে। জানতে চাইলে সে বলে, ছয় বান্ধবী মিলে দোকানে গিয়ে এই সংযোগ কিনেছে। তাদেরও কোনো ফরম পূরণ করতে হয়নি। দোকানদার তাদের বয়সও জিজ্ঞেস করেননি। এ ঘটনাগুলো বর্তমানের খুব সাধারণ চিত্র।সরকারি নির্দেশ অনুযায়ী ‘বাধ্যতামূলক নিবন্ধন’ মানছেন না কেউ। কোনো রকম নিবন্ধন ছাড়াই বিক্রি হচ্ছে সিম কার্ড। এতে বিক্রেতাদের কোনো ভ্রুক্ষেপ নেই। কোনো কোনো ক্ষেত্রে গ্রাহকেরা নিজ থেকে নিবন্ধন ফরম চাইলে, দোকানি বলেন, ‘ফরম নাই। সই করা লাগবে না।’ অপারেটরদের বক্তব্য, প্রতিটি সংযোগের সঙ্গে নিবন্ধনপত্র ডিলারদের দিয়ে দেওয়া হয়। ডিলাররাও জানান, খুচরা বিক্রেতাদের ‘নিবন্ধনপত্র পূরণ করানো বাধ্যতামূলক’ এ শর্তে বিক্রির জন্য সংযোগ (সিম কার্ড) দেওয়া হয়। এ ছাড়া ‘সিম বিক্রিকারী পরিবেশক ও খুচরা বিক্রেতাদের অবশ্যই এসএসসি পাস হতে হবে’—এ শর্ত এখনো কোথায়ও মানা হয় না। সরেজমিন বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, খুচরা বিক্রেতাদের কাছে রয়েছে বিভিন্ন কোম্পানির শত শত সিম কার্ড। গুলিস্তানের রাস্তায় বিক্রি করা হচ্ছে সিম কার্ড। চাইলে যে কেউ কিনতে পারে। নিবন্ধন ফরমে গ্রাহকের সই ছাড়া সংযোগ বিক্রি আইনত দণ্ডনীয়। ধরা পড়লে সিমের কী হবে—এ প্রশ্নের উত্তরে বিক্রেতার জবাব, ‘আরেকটা কিনবেন।’ বিটিআরসির ওয়েবসাইট অনুযায়ী, গত ৩০ জুন পর্যন্ত দেশে মুঠোফোন গ্রাহকের সংখ্যা ছিল সাত কোটি ৬৪ লাখ ৩৪ হাজার। নিবন্ধন ছাড়াই সংযোগ বিক্রির প্রসঙ্গে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) চেয়ারম্যান এবং সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগ এলে আমরা সংযোগ বন্ধ করে দিই। এ ছাড়া বিটিআরসির কাছে আমরা প্রতি সপ্তাহে বিভিন্ন অভিযোগে বন্ধ করে দেওয়া সিমের তালিকা পাঠাই। কিন্তু মাঠপর্যায়ে কে কীভাবে সিম বিক্রি করছে, সেটা নিয়ন্ত্রণ করা মুশকিল।’ বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ বলেন, ‘গ্রাহক সচেতনতা বাড়াতে হবে। গ্রাহকেরা নিবন্ধন ফরম ছাড়া সিম না কিনলে ওই বিক্রেতা পরবর্তী সময়ে নিবন্ধন ফরম সংগ্রহে রাখবে।’ উল্লেখ্য, দেশের মুঠোফোন গ্রাহকদের নিবন্ধনের আওতায় আনতে বিটিআরসি ২০০৬ সালে সিদ্ধান্ত নিলেও তা বাস্তবায়িত হয়নি। তখন বলা হয়েছিল, ‘১৮ বছরের নিচে কাউকে গ্রাহক করা যাবে না। নির্দেশ অমান্য করে সিম বিক্রি করলে সংশ্লিষ্ট কোম্পানিকে সিমপ্রতি ১০ মার্কিন ডলার জরিমানা দিতে হবে।’