নিবন্ধন জালিয়াতি প্রধান শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিবন্ধন জালিয়াতি করে এক ছাত্রীকে এসএসসি পরীক্ষা দিতে সহায়তা করার অভিযোগে জয়পুরহাট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা হওয়ার পর গতকাল বৃহস্পতিবার আদালত তাঁকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, তানিয়া আক্তার জয়পুরহাট বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী ছিল। সে নবম শ্রেণীতে ওঠার পর ওই স্কুল ত্যাগ করে অন্য স্কুলে যায়। পরে সে আবার সেখানে ফিরে এসে আবু বক্কর সিদ্দিকের সহায়তায় ২০১২ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করে। কিন্তু নিবন্ধন নম্বর ও প্রবেশপত্রে তানিয়া আক্তারের নামের পরিবর্তে রুবিনা আক্তারের নাম আসে। ওই প্রবেশপত্র দিয়েই আবু বক্কর সিদ্দিক বুধবার তানিয়াকে পরীক্ষা দিতে রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে পাঠান। পরীক্ষা চলাকালে হাজিরা খাতায় রুবিনা আক্তার নামে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানায় তানিয়া আক্তার। তখন আবু বক্কর সিদ্দিককে কেন্দ্রের সচিব ও রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেব ডেকে পাঠান। এ ঘটনায় রাত ১০টায় সদর থানায় মামলা দায়ের করেন সুশান্ত কুমার দেব। বুধবার রাতেই পুলিশ আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করে। গতকাল আদালতে হাজির করলে নির্বাহী হাকিম জাহাঙ্গীর আলম আবু বক্কর সিদ্দিকের জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক দাবি করেন, নিবন্ধন কার্ড ও প্রবেশপত্রে রুবিনা আক্তারের নাম পরিবর্তন করে তানিয়া আক্তার করার জন্য রাজশাহী শিক্ষা বোর্ডে আবেদন করা হয়েছে। আবেদনটি প্রক্রিয়াধীন রয়েছে। তানিয়া আক্তার দাবি করে, প্রধান শিক্ষক তাকে বলেছেন রুবিনা আক্তার নামেই পরীক্ষা দিতে। পরে রুবিনা আক্তারের নাম, তার বাবা ও মায়ের নাম এবং নিবন্ধন নম্বর পরিবর্তন করে দেবেন। এ জন্য খরচ বাবদ প্রধান শিক্ষককে তার পরিবার তিন হাজার টাকা দিয়েছে।