নিবন্ধন পুনঃনিরীক্ষণ চায় গণসংহতি

গণসংহতি আন্দোলন বলছে, ভিন্ন কোনো রাজনৈতিক শক্তি যাতে গড়ে উঠতে না পারে এবং দলগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য সংবিধান পরিপন্থী নিবন্ধন আইন করা হয়েছে। তাই রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হওয়ার জন্য তারা নির্বাচন কমিশনকে পুনঃনিরীক্ষণের দাবি জানিয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন পুনঃনিরীক্ষণের দাবিতে নির্বাচন কমিশন অভিমুখে মিছিল ও স্মারকলিপি পেশ’ কর্মসূচি পালন করে দলটি।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘রাজনৈতিক দল নিবন্ধন আইনের নামে বাংলাদেশে রাজনীতি বিকাশের সমস্ত পথ বন্ধ করা হচ্ছে। এটা এখন মনে হতে পারে নতুন দলের জন্য কিন্তু এটা দেশে একদলীয় শাসন কায়েম করার একটা আইন।’ তিনি বলেন, নির্বাচনে অংশ নেওয়া না নেওয়া সাংবিধানিক অধিকার। নতুন আইনে বলা আছে, দুবার নির্বাচনে অংশ না নিলে নিবন্ধন বাতিল হবে। কারচুপি, অনিয়ম ও দখলদারির নির্বাচন হলেও এ নিবন্ধন রক্ষার জন্য নির্বাচনে অংশ নিতে হবে। ছোট দলগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য এ আইন। নিবন্ধন আইন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।
দলটির ভরপ্রাপ্ত নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল বলেন, আইনে যেসব শর্ত বলা আছে তা পূরণের সক্ষমতা গণসংহতির আছে। নির্বাচন কমিশনের কাছে গত বছরের ৩১ ডিসেম্বর আবেদন করা হয়। মার্চে জানানোর কথা থাকলেও কমিশন এখন পর্যন্ত কিছু জানায়নি। এ বছরের ৮ এপ্রিল তাঁদের দুটি গঠনতন্ত্রের ধারা সংশোধনের জন্য বলা হয়, তাঁরা তা করেও দেন। কিন্তু এরপরও নিবন্ধনের ব্যাপারে কমিশন কিছু না জানানোয় তিনি ক্ষোভ প্রকাশ করেন। নিবন্ধন আইনটি পুনঃ নিরীক্ষণেরও দাবি জানান।
নির্বাচন কমিশন সরকারের কাছে নতজানু উল্লেখ করে গণসংহতি আন্দোলনের রাজনৈতিক উপদেষ্টা তাসলিমা আক্তার বলেন, নতুন আইন করা হয়েছে ছোট দলগুলোকে বড়দলগুলোর সঙ্গে জোটে যাওয়ার জন্য। এ ছাড়া আইনের শর্তে সমর্থক ভোটারদের পরিচয় দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, দলীয় ভোটারদের পরিচয় দেওয়ার পরেই তাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়।
সমাবেশ শেষে তারা মিছিল নিয়ে শাহবাগ পর্যন্ত যায়। সেখান থেকে স্মারকলিপি দিতে গণসংহতি আন্দোলনের আবেদন নিয়ে পাঁচ সদস্যের একটি দল নির্বাচন কমিশনে যান।