নিবন্ধন পেলেন ৫৮৭ ধাত্রী
মা ও নবজাতকের মৃত্যু রোধ করতে বাংলাদেশে ধাত্রীদের পেশাগত ডিপ্লোমা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে প্রথমবারের মতো ঢাকা নার্সিং কলেজ থেকে ৫৮৭ জন ধাত্রী নিবন্ধন পরীক্ষা সম্পন্ন করে ডিপ্লোমা ডিগ্রি পেয়েছেন।
বাংলাদেশ নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রার সুরাইয়া বেগম বলেন, নিবন্ধিত ধাত্রীরা মানুষের সেবায় কাজ করবেন। নারী ও নবজাতকের সুস্বাস্থ্য নিশ্চিত করতে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
গত সোমবার জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির অংশ হিসেবে ধাত্রীশিক্ষা এবং পেশা প্রবর্তন করা হয়। প্রসূতি ও নবজাতকের সুস্বাস্থ্য নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তিন হাজার ধাত্রীর পদ সৃষ্টি করার প্রতিশ্রুতি দেন। ধাত্রীশিক্ষা চালুর শুরু থেকেই ইউএনএফপিএ এর সহযোগিতায় এগিয়ে এসেছে। মাতৃস্বাস্থ্যের অগ্রগতিতে বাংলাদেশ ব্যাপক সাফল্য অর্জন করেছে। পেশাজীবী ধাত্রীরা এই অগ্রগতির ধারাবাহিকতা রক্ষায় সচেষ্ট থাকবেন। নতুন নিবন্ধিত ধাত্রীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে যোগ দেবেন।