নিবন্ধন-প্রক্রিয়ায় সন্তুষ্ট মালয়েশিয়া
বাংলাদেশ থেকে সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নিবন্ধন-প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেছে মালয়েশিয়া। ঢাকা সফররত দেশটির ১৪ সদস্যের প্রতিনিধিদল এ সন্তোষের কথা জানিয়েছে বলে প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের জানান। যৌথ ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজে) বৈঠক করতে গত বুধবার রাতে মালয়েশীয় প্রতিনিধিদলটি ঢাকায় এসেছে। এর নেতৃত্ব দিচ্ছেন দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল (নীতি ও আন্তর্জাতিক) মোহাম্মদ সাহার বিন দারুসমান। প্রতিনিধিদলের সদস্যরা বুধবার সকালে স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। দুপুরে তাঁরা জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি) গিয়ে নিবন্ধন-প্রক্রিয়া নিয়ে বিস্তারিত কথা বলেন। বিকেলে প্রবাসীকল্যাণমন্ত্রীর সঙ্গে দেখা করেন তাঁরা। তাঁদের সঙ্গে বৈঠকের পর প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্বাস্থ্য পরীক্ষায় মোট ১৭টি বিষয় যাচাই করা হবে। প্রতিটি জেলার সিভিল সার্জনের কার্যালয়ে এ পরীক্ষা হবে। মার্চের ১৫ বা ১৬ তারিখে কর্মীদের নিয়ে প্রথম ফ্লাইট মালয়েশিয়া যাবে বলে এ সময় উল্লেখ করেন মন্ত্রী।গত বছরের ২৬ নভেম্বর দুই দেশ যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করতে সমঝোতা স্মারক স্বাক্ষর করে।প্রতিনিধিদলের সদস্যরা আজ শুক্রবার ঢাকার একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যাবেন। রাতে মালয়েশিয়া ফিরবেন তাঁরা।