বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেওয়া গুলশানের বাড়িটির নিবন্ধন খরচ (রেজিস্ট্রেশন ফি) সাত লাখ টাকা কোন আইনে মওকুফ করা হয়েছিল, তা জানতে চেয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি।একই সঙ্গে রেজিস্ট্রেশন ফি না নিয়ে কারা বাড়িটি হস্তান্তর করেছিল, তাদের চিহ্নিত করে কমিটির পরবর্তী সভায় প্রতিবেদন দিতে বলা হয়েছে।বাড়িটি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তাঁর পরিবারের সন্তানদের লেখাপড়া ও সংসারের ভরনপোষণের খরচ চালানোর জন্য তত্কালীন প্রধান সামরিক আইন প্রশাসক এইচ এম এরশাদ ১৯৮২ সালে বাড়িটি ১০১ টাকায় বরাদ্দ দেন।গতকাল সোমবার সংসদ ভবনে পূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, হুইপ নূর-ই-আলম চৌধুরী, আবদুছ সাত্তার, আসাদুজ্জামান খান, জহিরুল হক ভূঞা, নসরুল হামিদ, এনামুল হক এবং সাফিয়া খাতুন উপস্থিত ছিলেন।সভায় সাবেক মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়াসহ যাঁরা তথ্য গোপন করে বিধি-বহির্ভূতভাবে একের অধিক প্লট বরাদ্দ নিয়েছেন, তাঁদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। সভায় জানানো হয়, মান্নান ভূঁইয়া বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী থাকাকালে প্রভাব খাটিয়ে তথ্য গোপন করে রাজউকের প্লট নিয়েছেন। এ ধরনের প্লট অবিলম্বে বাতিলের উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়।সভায় অবৈধভাবে সরকারি বাড়ি দখলকারীদের আগামী ২৬ মার্চের মধ্যে উচ্ছেদ করে বৈধভাবে প্রাপ্যদের অথবা শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারকে দেওয়ার ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।ফজলে করিম চৌধুরী বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, মিথ্যা তথ্য দিয়ে যাঁরা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে একাধিক প্লট নিয়েছেন, তা বাতিলের সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, দীর্ঘ ২২ বছর আগে শহীদ পরিবারের অনুকূলে বরাদ্দ দেওয়া শতাধিক প্লটের মধ্যে বঞ্চিত ব্যক্তিদের প্লট বরাদ্দ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।সভায় ঢাকার জিরো পয়েন্ট থেকে রাজউকের ঝিলিমিলি আবাসিক প্রকল্প পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে অবহিত করা হয়।