নিবন্ধন ফির নামে অবৈধভাবে টাকা নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরে অবস্থিত নগরকান্দা আদর্শ মহাবিদ্যালয়ে চলতি বছর উচ্চমাধ্যমিক শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে নিবন্ধন ফির (রেজিস্ট্রেশন) নামে অবৈধভাবে টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে ভারপ্রাপ্ত অধ্যক্ষও এ ব্যাপারে কিছু জানেন না বলে দাবি করেছেন।
কলেজ ও বোর্ড থেকে জানা গেছে, ১৯৭২ সালে স্থাপিত এ শিক্ষাপ্রতিষ্ঠানে এবার উচ্চমাধ্যমিক শ্রেণীতে ৪৯২ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী, শিক্ষার্থী ভর্তি হওয়ার তিন মাস পর অনলাইনে বোর্ডের নিবন্ধন করতে হয়। তবে এ জন্য কোনো টাকা লাগে না।
ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনেকে নাম প্রকাশ না করার শর্তে জানায়, ভর্তির সময়ই কলেজ ও বোর্ডের যাবতীয় ফি পরিশোধ করেছে তারা। কিন্তু ভর্তির তিন মাস পর এখন নতুন করে বোর্ডে নিবন্ধনের কথা বলে তাদের কাছ থেকে বাধ্যতামূলকভাবে ১০০ টাকা করে আদায় করা হচ্ছে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোরঞ্জন বিশ্বাস বলেন, ‘কলেজের যেসব কর্মচারী এ নিবন্ধনের সঙ্গে জড়িত, তাঁরা কম্পিউটারে কাজের পারিশ্রমিক হিসেবে হয়তো টাকাটা নিচ্ছেন। এ বিষয়ে আমার ধারণাও নেই। আমি বিষয়টি খতিয়ে দেখব।’