জামায়াতে ইসলামী দাবি করেছে, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়ার ও বাতিলের একমাত্র কর্তৃপক্ষ হচ্ছে নির্বাচন কমিশন। তাই নির্বাচন কমিশন থেকে নিবন্ধন বাতিল না হওয়া পর্যন্ত জামায়াতের নিবন্ধন বাতিল হওয়ার প্রশ্নই আসে না।জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল সোমবার এক বিবৃতিতে এ দাবি করেন। গত রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেওয়া হয়।রোববার বরগুনা-২ আসনের উপনির্বাচনের তফসিল নিয়ে বৈঠকের পর সিইসি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, হাইকোর্টের রায়ের কারণে জামায়াতের কেউ বরগুনা-২ আসনের উপনির্বাচনে দাঁড়িপাল্লা নিয়ে প্রার্থী হতে পারবেন না।বিবৃতিতে রফিকুল ইসলাম খান দাবি করেন, হাইকোর্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে যে রায় দিয়েছেন, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছে। তাই বিচারাধীন বিষয় সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ অযৌক্তিক, বেআইনি ও এখতিয়ারবহির্ভূত।