নিবন্ধন বাতিল হলে দুই বিকল্প চিন্তা জামায়াতের
রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করায় দলটির ভবিষ্যতে নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে উচ্চ আদালতে আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার পাশাপাশি দুটি বিকল্প পথের কথা ভাবছে দলটি। জামায়াতের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা জানান, হাইকোর্ট দলের নিবন্ধন অবৈধ ঘোষণা করে যে রায় দিয়েছেন, তার বিরুদ্ধে আপিল করা হবে। তবে আপিল করার পর সেটা দ্রুত নিষ্পত্তিও যেমন হতে পারে, আবার ঝুলে থাকারও আশঙ্কা করছেন তাঁরা। এ অবস্থায় নিবন্ধন অবৈধ বলে দেওয়া হাইকোর্টের রায় আপিল বিভাগ বহাল রাখলে সে ক্ষেত্রে জামায়াতের নেতারা বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকে অথবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার বিকল্প চিন্তা করছেন। এর মধ্যে ধানের শীষ প্রতীকে অংশগ্রহণ করাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
দলটির দায়িত্বশীল নেতারা জানান, শেখ হাসিনা সরকারের অধীন নির্বাচনে অংশ নেবে না জামায়াত। তবে নির্বাচনকালীন নির্দলীয় সরকার নিয়ে যদি শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয় এবং তাতে বিএনপি অংশ নিলে সেই নির্বাচনে তাদেরও অংশগ্রহণ থাকবে। এ কারণে বিকল্প চিন্তা ও প্রস্তুতি রাখা হচ্ছে। দলীয় সূত্রগুলো জানায়, সরকার গণপ্রতিনিধিত্ব আদেশ আইন (আরপিও) সংশোধন করায় বিএনপির প্রতীক নিয়ে জামায়াতের নেতাদের নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে এখন আর কোনো আইনি বাধা নেই। নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা-সম্পর্কিত ১২/জে ধারায় বলা ছিল, সংসদ নির্বাচনে রাজনৈতিক দলের প্রার্থী হতে হলে তিন বছর নিরবচ্ছিন্নভাবে সংশ্লিষ্ট দলের সদস্য থাকতে হবে। গত ২৮ অক্টোবর আরপিও সংশোধন করে ধারাটি বাদ দেওয়া হয়েছে।
জামায়াতের একাধিক সূত্র থেকে জানা গেছে, দলের বর্তমান নেতৃত্বের শীর্ষপর্যায়ের নেতাদের বড় একটি অংশ বিএনপির ‘ধানের শীষ’ প্রতীক নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করা বেশি নিরাপদ মনে করছেন। এর পক্ষে যুক্তি হচ্ছে, গতবারের মতো এবারও কোনো আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমে পড়লে তাঁদের ঠোকানোর জন্য ‘ধানের শীষ’ প্রতীক কার্যকর ভূমিকা রাখবে। কারণ, গত নির্বাচনে জামায়াতকে ছেড়ে দেওয়া চারদলীয় জোটের একাধিক আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের কারণে দলের একাধিক প্রার্থী পরাজিত বা বেকায়দায় পড়েন। উদহারণ হিসেবে সূত্রগুলো জানায়, গত নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াতের বর্তমান ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান প্রায় এক লাখ ভোট পেয়েও আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হন। এর জন্য বিএনপির বিদ্রোহী প্রার্থী এম আকবর আলী দায়ী বলে মনে করে জামায়াত।
আবার, শেষ পর্যন্ত নিবন্ধন টেকাতে না পারলে অন্য দলের প্রতীক ব্যবহার করার চেয়ে নির্বাচনে অংশ না নেওয়ার পক্ষে মত দিয়েছে জামায়াতের আরেকটি অংশ। এ ক্ষেত্রে তারা বিএনপির প্রার্থীদের পক্ষে কাজ করার মত দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাংসদ এ এইচ এম হামিদুর রহমান আযাদ প্রথম আলোকে বলেন, তাঁরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবেন। তাঁরা মনে করেন, হাইকোর্টের রায় আপিল বিভাগে গিয়ে টিকবে না। তাই অন্য কোনো পন্থায় নির্বাচন করার কোনো ভাবনাই নেই বলে তিনি দাবি করেন। নির্বাচন কমিশন ২০০৮ সালের ৪ নভেম্বর জামায়াতকে অস্থায়ী নিবন্ধন দেয়। এই নিবন্ধনের বিরুদ্ধে ২০০৯ সালে হাইকোর্টে রিট আবেদন করে তরিকত ফেডারেশনের তৎকালীন মহাসচিব রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ জন। নিবন্ধনকে অবৈধ ঘোষণা করে ওই রিটের ওপর হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় গত ২ নভেম্বর প্রকাশ করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ গতকাল বুধবার সাংবাদিকদের বলেছেন, জামায়াতের নিবন্ধন বাতিল করে দেওয়া রায়ের কপি নির্বাচন কমিশন কার্যালয়ে পৌঁছেছে। এ বিষয়ে শিগগির সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।