নিবন্ধন সনদটি জাল, তবুও তিনি বহাল!
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শাকতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কুলসুম আক্তারের নিবন্ধন সনদটি জাল। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) এক চিঠিতে এই তথ্য জানানো হয়। একইসঙ্গে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জেলা শিক্ষা কর্মকর্তা ও নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অনুরোধ করা হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল কাইয়ুম চিঠি প্রাপ্তির বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। তবে ওই চিঠি পাওয়ার পরও কুলসুম আক্তার বহাল তবিয়তে আছেন। এখনো তিনি ক্লাস নিচ্ছেন। তাঁর গ্রামের বাড়ি নাঙ্গলকোট উপজেলার দাউদপুর গ্রামে।শাকতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল কাইয়ুম জানান, চলতি বছরের ২৭ জুন সামাজিক বিজ্ঞান বিষয়ে শূন্যপদে একজন সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়। এতে চারজন অংশ নেন। এর মধ্যে কুলসুম আক্তারকে গত ১০ জুলাই নিয়োগ দেওয়া হয়। নিয়োগ দেওয়ার সময় তিনি কিছু সাময়িক সনদ জমা দেন। ওই সময়ে বিভিন্ন পর্যায় থেকে কথা আসে তাঁর নিবন্ধন সনদ নেই। জমা দেওয়া সনদটি ভুয়া। পরবর্তী সময়ে মূল সনদ দেওয়ার জন্য তাঁকে বলা হলে তিনি জমা দেন। এরপর ওই সনদটি যাচাইয়ে এনটিআরসিএতে পাঠানো হয়। সেখানকার কর্তৃপক্ষ সেটিকে জাল ও ভুয়া বলে চিহ্নিত করে। এ সপ্তাহে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষকের সংখ্যা কম থাকার কারণে তিনি এখনো ক্লাস নিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।এ ব্যাপারে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সৈয়দ গোলাম সারওয়ার বলেন, ‘আগামী সভায় ওই শিক্ষকের নিয়োগ বাতিল করা হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব।’ নাঙ্গলকোট থানার ওসি প্রশান্ত পাল বলেন, ‘আমি এখন পর্যন্ত কোনো চিঠি পাইনি। চিঠি পেলে আইনানুগ ব্যবস্থা নেব।’ কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক সোমেশ কর চৌধুরী বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলা শিক্ষা কর্মকর্তা আবদুর রশিদ সরকার বলেন, জালিয়াতি করে কেউ ভুয়া নিবন্ধন সনদ দাখিল করলে এটা ফৌজদারি অপরাধের শামিল। বিষয়টি খতিয়ে দেখা হবে।এ ব্যাপারে চেষ্টা করেও কুলসুম আক্তারের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, তিনি মুঠোফোন ব্যবহার করেন না।প্রসঙ্গত, গত ১৪ আগস্ট প্রথম আলোয় ‘নাঙ্গলকোটে ভুয়া নিবন্ধন সনদে শিক্ষক নিয়োগ’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়।