খুলনার আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজের প্রথম বর্ষের ৩০ শিক্ষার্থী ভর্তি বাবদ দেওয়া টাকা ফেরত চেয়ে গতকাল বৃহস্পতিবার প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করেছেন৷ নিবন্ধন না হওয়ায় তাঁরা কলেজ কর্তৃপক্ষের কাছে এ দাবি জানাচ্ছেন৷
কলেজ থেকে জানা গেছে, বর্তমান সরকার খুলনার আদ-দ্বীন আকিজসহ ১২টি বেসরকারি মেডিকেল কলেজের সব কার্যক্রম স্থগিত করলেও কলেজ কর্তৃপক্ষ এখানে চলতি শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ৫০ শিক্ষার্থীকে ভর্তি হওয়ার সুযোগ দেয়৷ এখন নিবন্ধন না হওয়ায় তাঁদের মধ্যে ৩০ জন টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়ে আন্দোলন কর্মসূচি শুরু করেছেন৷
মহাজোট সরকারের শেষ সময় ১২টি নতুন মেডিকেল কলেজের অনুমোদন দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। নতুন সরকার গত ২১ জানুয়ারি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে শিক্ষা ও ভর্তি-সংক্রান্ত কমিটির সভায় এসব কলেজের ভর্তিসহ কর্মকাণ্ড স্থগিত করার সিদ্ধান্ত নেয়। কিন্তু কলেজটি কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত অগ্রাহ্য করে ১১ জানুয়ারি পাঠদান শুরু করে।
শিক্ষার্থীরা জানান, সরকারি অনুমোদন পাওয়া যাবে এমন আশ্বাসের ভিত্তিতে নয় লাখ ৯০ হাজার টাকা করে দিয়ে চলতি বর্ষে ভর্তি হয়েছেন ৫০ জন শিক্ষার্থী। ভর্তি হওয়ার সময় অধ্যক্ষ তাঁদের অনুমোদন প্রায় হয়ে গেছে বলে জানিয়েছিলেন। কিন্তু পরে নিবন্ধন করতে না পারায় তাঁরা আবার টাকা ফেরত চান। জানা যায়, প্রথম বর্ষের নিবন্ধনের সময় মার্চ মাসে অতিবাহিত হলেও কর্তৃপক্ষ নিবন্ধন করার ব্যবস্থা করতে পারেনি। মূলত তখন থেকে শিক্ষার্থীরা কর্তৃপক্ষকে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিতে শুরু করে ।
কলেজ অধ্যক্ষ আবদুর রহমান বলেন, ‘সরকার এ িবষয়ে লিখিত বা মৌখিক কিছু আজ পর্যন্ত বলেনি। তাই কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’