‘২০১০ সালে আবুল কাসেম উচ্চবিদ্যালয় থেকে নবম শ্রেণীতে নিবন্ধন করে ৫১ জন শিক্ষার্থী। ২০১২ সালের এসএসসি পরীক্ষায় সেই সংখ্যা ৫১ থেকে হয়ে গেছে ১৪৭। বাড়তি পরীক্ষার্থীর নামের সঙ্গে কারও কারও বাবা-মায়ের নামের আংশিক, আবার কারও পুরোটাই অমিল। প্রমাণ মিলেছে, জালিয়াতির মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে।’ গলাকাটা প্রবেশপত্রে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগে কিশোরগঞ্জের কুলিয়ারচরের আবুল কাসেম উচ্চবিদ্যালয়ের বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত দল গঠন করে ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। গতকাল সোমবার তদন্ত শেষে কমিটির প্রধান বোর্ডের বিদ্যালয় পরিদর্শক শাহিদুল খবির চৌধুরী প্রথম আলোকে এসব কথা বলেন।তদন্ত দল ছাত্রছাত্রীর হাজিরা ও শিক্ষক হাজিরা খাতাসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। পরে তাঁরা যান কুলিয়ারচর পাইলট উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে। পরীক্ষা শেষে তদন্ত দলের সদস্যরা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের সঙ্গে আলাদা কথা বলেন। পরীক্ষার্থীরা তদন্ত দলের কাছে স্বীকার করেছে, তারা কেউ আবুল কাসেম উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী নয়। নিজ প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দেওয়ার সুযোগ না পেয়ে আবুল কাসেম উচ্চবিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ নেয় তারা। এ কাজের জন্য ১০ থেকে ৩০ হাজার পর্যন্ত টাকা দিতে হয়েছে। জালিয়াতির খবর প্রকাশিত হলে গলাকাটা প্রবেশপত্রধারীদের অনেকে পরীক্ষা দিতে আসেনি। দুই দিনে পরীক্ষার্থী কমে যায় ৪০ জন।জেলা প্রশাসক মো. ছিদ্দিকুর রহমান বলেন, ‘আবুল কাসেম উচ্চবিদ্যালয়ের প্রতারণার দিন শেষ। এখন দেখতে হবে, অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যেন কোনো শিক্ষার্থীর দুর্বলতার সুযোগ নিয়ে প্রতারণা করতে না পারে।’