নিবন্ধনপত্র পাচ্ছেন না ৮৮ জন শিক্ষার্থী
গাইবান্ধা সরকারি কলেজে স্নাতক (সম্মান) শ্রেণীর প্রথম বর্ষে আসনসংখ্যার অতিরিক্ত ভর্তি হওয়া ৮৮ জন শিক্ষার্থী নিবন্ধনপত্র (রেজিস্ট্রেশন কার্ড) পাচ্ছেন না। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিবন্ধনপত্র দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে।কলেজ সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৮ ডিসেম্বর ২০১০-১১ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষে ১৪টি বিষয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মেধাভিত্তিক ফলাফল তৈরি করে অনলাইনে কলেজগুলোতে পাঠায়। গাইবান্ধা সরকারি কলেজের এক হাজার ৬০৫টি আসনের জন্য পর্যায়ক্রমে তিনটি মেধা তালিকা দেওয়া হয়। কিন্তু মেধা তালিকায় উত্তীর্ণ সবাই এই কলেজে ভর্তি না হওয়ায় মানবিক ও বাণিজ্য বিভাগের নয়টি বিষয়ে ১০২টি আসন শূন্য থাকে।জানা গেছে, কলেজ কর্তৃপক্ষ এসব শূন্য আসনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নতুন মেধা তালিকা না নিয়ে ভর্তি-বাণিজ্য শুরু করে। প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ১০-১৫ হাজার করে টাকা নিয়ে শূন্য ১০২টি আসন পূরণ করেও অতিরিক্ত ৮৮ জনকে ভর্তি করে। ওই সময় ভর্তি-বাণিজ্যের অভিযোগে ছাত্রসংগঠনের নেতারা অধ্যক্ষের কক্ষ ভাঙচুর করেন। পরে কলেজ কর্তৃপক্ষ ও ছাত্র নেতাদের মধ্যে সমঝোতার মাধ্যমে ১২ এপ্রিল ভর্তি-প্রক্রিয়া সম্পন্ন করা হয়। ১০ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ডিন মোবাশ্বেরা খানম স্বাক্ষরিত এক চিঠিতে অধ্যক্ষকে অতিরিক্ত ছাত্র ভর্তির বিষয়ে কৈফিয়ত তলব করা হয়েছে। চিঠিতে আসনের অতিরিক্ত শিক্ষার্থীদের নিবন্ধনপত্র দেওয়া হবে না বলেও জানানো হয়। অধ্যক্ষ রেজাউল করিম ভর্তি-বাণিজ্যের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিভিন্নমুখী চাপের কারণে অতিরিক্ত ছাত্র ভর্তি করতে বাধ্য হয়েছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে ১০২টি শূন্য আসনের জন্য মেধা তালিকা চাওয়া হয়। কিন্তু তা না দেওয়ায় ভর্তি নিয়ে এই জটিলতার সৃষ্টি হয়েছে।’