নিবন্ধনহীন অটোতে সয়লাব রংপুর নগর

সয়লাব বললেও ভুল হবে। এ যেন সুনামি! যে সড়কেই যাবেন, সেখানেই অটোরিকশা। হাজারো অটোরিকশার চাপে পিষ্ট নগরবাসী। ঘর থেকে বেরোলেই তাঁদের নিত্যসঙ্গী এখন যানজট। এতে গা-জ্বালা ধরিয়েছে সবার। অটোরিকশার লাগামহীন বিস্তার নিয়ন্ত্রণ করা না গেলে রংপুর অচিরেই পরিত্যক্ত শহরে পরিণত হবে বলে আশঙ্কা অনেকের।
শহরে নিবন্ধনকৃত ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা পাঁচ হাজার। কিন্তু বাস্তবে রাস্তা চষে বেড়াচ্ছে ২০ হাজার। অর্থাৎ বাকি ১৫ হাজারই অবৈধ। নিবন্ধনহীন এসব অটোরিকশার দাপটে নাভিশ্বাস সবার।
সিটি করপোরেশন সূত্র জানায়, ২০০৯ সালে সাবেক পৌরসভা কর্তৃপক্ষ পাঁচ হাজার ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধন দেয়। ২০১৩ সালের ফেব্রুয়ারিতে সিটি করপোরেশন কর্তৃপক্ষ দায়িত্ব নেওয়ার পর আর কোনো অটোরিকশার নিবন্ধন দেওয়া হয়নি। কিন্তু বর্তমানে নগরে ২০ হাজার অটোরিকশা চলছে। অর্থাৎ চার ভাগের তিন ভাগই নিবন্ধনহীন।
শুধু রাস্তার দুর্ভোগ বাড়ানো নয়, বিদ্যুতের ওপরও প্রভাব ফেলছে এসব অবৈধ অটোরিকশা। এগুলোর ব্যাটারির চার্জ দিতে প্রতিদিন ৭-৮ মেগাওয়াট বিদ্যুৎ খরচ হয় বলে বিদ্যুৎ বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী গোলাম মোর্তুজা জানিয়েছেন। অথচ নগরে প্রতিদিনের বিদ্যুৎ চাহিদাই ৫০ মেগাওয়াট।
অটোরিকশা মালিক-শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার কবিরের অভিযোগ, অবৈধ অটোরিকশা বন্ধে প্রশাসনের তেমন উদ্যোগ নেই। তবে পুলিশ সুপার আবদুর রাজ্জাক বলেছেন, অবৈধ অটোরিকশা বন্ধে মালিক-শ্রমিক সমবায় সমিতির সঙ্গে ট্রাফিক পুলিশ কাজ করেছে। আবার নতুন করে অভিযান শুরু করা হবে। এই অভিযানে ব্যবসায়ী সমাজসহ সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।
ট্রাফিক পুলিশের পরিদর্শক সামসুল আলম জানান, ট্রাফিক পুলিশ ও অটোরিকশা মালিক-শ্রমিক সমবায় সমিতির পক্ষ থেকে সম্প্রতি অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযান শুরু করা হয়েছিল। কিন্তু অজ্ঞাত কারণে তা বন্ধ হয়ে যায়।
রংপুর সড়ক ও জনপথ বিভাগের একজন প্রকৌশলী বলেন, যানজটমুক্ত নগর গড়তে ১২৬ কোটি টাকা ব্যয়ে ১৬ দশমিক ২৪ কিলোমিটার সড়ককে ৬৫ ফুট প্রশস্ত করে চার লেনে উন্নীত করা হয়েছে। কিন্তু অটোরিকশার কারণে মানুষজন সেই চার লেনের সুফল পাচ্ছে না।
ট্রাফিক পুলিশ কার্যালয় সূত্র জানায়, নগরে বর্তমানে ৪০ জন ট্রাফিক পুলিশ সদস্য রয়েছেন। এর প্রায় অর্ধেককে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে স্থায়ীভাবে দায়িত্ব পালন করতে হয়। বাকিরা নিয়োজিত থাকেন দুই পালায় শহরজুড়ে যানজট নিরসনের কাজে। কিন্তু স্বল্প এই লোকবলে বিশাল এই কাজটি করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক বিভাগকে।
সরেজমিনে দেখা গেছে, শহরের কাচারি বাজার থেকে জাহাজ কোম্পানি মোড় মাত্র আধা কিলোমিটারের পথ। কিন্তু রিকশা বা অটোরিকশায় এই সামান্য পথ পাড়ি দিতেই সময় যাচ্ছে কমপক্ষে আধা ঘণ্টা। কখনো কখনো তারও বেশি। এ ছাড়া জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা, প্রেসক্লাব থেকে কারমাইকেল কলেজ এবং বেতপট্টিসহ অধিকাংশ সড়কেই অটোরিকশার রামরাজত্ব। রাস্তার দুই পাশজুড়েই গাড়ি আর গাড়ি। তা ছাড়া যেখানে-সেখানে থামিয়ে যাত্রী ওঠানো-নামানোর কারণেও যানজট প্রকট আকার ধারণ করেছে। নিবন্ধন না থাকার বিষয়ে জানতে চাইলে ওমর আলী নামের এক অটোরিকশাচালক বলেন, ‘কী আর করব? নিবন্ধন দেওয়া বন্ধ থাকায় নিবন্ধন করতে পারিনি।’
মহানগর দোকান মালিক সমিতির মহাসচিব ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য রেজাউল ইসলাম বলেন, অটোরিকশার কারণেই এই যানজট। অবৈধ গাড়ি বন্ধ করতে না পারলে এ শহর চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।
যোগাযোগ করলে রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘অবৈধ অটোরিকশার কাছে শুধু নগরবাসী নয়, আমরাও জিম্মি হয়ে পড়েছি। সিটি করপোরেশনের নিজস্ব ম্যাজিস্ট্রেট নেই। তাহলে অভিযান কীভাবে করব? তবে খুব শিগগির ম্যাজিস্ট্রেট আসার সম্ভাবনা রয়েছে। তখন আমরা অবশ্যই অভিযান শুরু করব।’