নিবন্ধনহীন ক্লিনিকে ‘ভুয়া চিকিৎসকের’ অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর দুর্গাপুর উপজেলার একটি নিবন্ধনহীন ক্লিনিকে গত শনিবার ভুয়া চিকিৎসককে দিয়ে প্রসূতির অস্ত্রোপচার করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নবজাতকের মৃত্যু হওয়ার পর গতকাল রোববার সংশ্লিষ্ট ক্লিনিকের মালিক ও চিকিৎসকের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন প্রসূতির স্বজনেরা।ভুক্তভোগী ওই প্রসূতির নাম সুমি বেগম (২৫)। তিনি উপজেলার কিশোরপুর গ্রামের মাহাবুব আলমের স্ত্রী।মাহাবুব আলম জানান, শনিবার বিকেলে সুমির প্রসব বেদনা উঠলে তিনি তাঁকে দুর্গাপুর থানা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু অবস্থা খারাপ দেখে চিকিৎসকেরা তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। একপর্যায়ে উপজেলা সদরে অবস্থিত আল ইসলামিয়া ক্লিনিকের একজন দালাল সুমিকে ওই ক্লিনিকে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি হয়ে সুমিকে সেখানে নিয়ে যাওয়া হলে ওই দিন সন্ধ্যা সাতটার দিকে তাঁর অস্ত্রোপচার করানো হয়। এর ৩০ মিনিট পরই নবজাতক মারা যায়। পরে তিনি জানতে পারেন, রঞ্জু ও কবির হোসেন নামের যে দুজন তাঁর স্ত্রীর অস্ত্রোপচার করেন, তাঁরা ‘ভুয়া চিকিৎসক’।মাহবুব আলম অভিযোগ করে বলেন, ‘নবজাতকের মৃত্যুর পর বিষয়টি কাউকে না বলার জন্য ক্লিনিকের মালিক আমাকে চাপ দিতে থাকেন। তবে গতকাল সকালে তাঁর স্বজনেরা বিষয়টি জানতে পারলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।’প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে ওই প্রসূতির স্বজনেরা ক্লিনিকের সামনে জড়ো হন। একপর্যায়ে তাঁরা মালিক ও চিকিৎসকের শাস্তির দাবিতে ক্লিনিকের সামনে বিক্ষোভ শুরু করেন। তবে ক্লিনিক কর্তৃপক্ষের আশ্বাসে তাঁরা শান্ত হন।রাজশাহী সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, দুর্গাপুরে আল ইসলামিয়া নামের কোনো ক্লিনিকের অনুমতি বা নিবন্ধন নেই। সেখানকার এ নামের কোনো ক্লিনিক নিবন্ধনের জন্য আবেদনও করেনি।