নিবন্ধনহীন বয়লার ৬০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ

পোশাক কারখানাসহ দেশের যেসব শিল্প–কারখানার বয়লারের বৈধ নিবন্ধন সনদ নেই, সেসব বয়লারের কার্যক্রম বন্ধে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশ পাওয়ার ৬০ দিনের মধ্যে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ১০ জুলাই রুলসহ এ আদেশ দেন, যা আজ মঙ্গলবার জানা যায়।
একই সঙ্গে পোশাক কারখানাসহ যেসব শিল্প-কারাখানায় বয়লার ব্যবহৃত হয়, সেগুলোর নিবন্ধন এবং এর নবায়ন নিশ্চিত করতে বয়লার আইন (১৯২৩) অনুসারে পরিদর্শনের জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিদর্শন বিষয়ে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়ে পরবর্তী আদেশের জন্য ১ অক্টোবর দিন রাখা হয়েছে।
৩ জুলাই গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়ায় মালটিফ্যাবস লিমিটেডে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১৩ জন নিহত এবং প্রায় ৫২ জন শ্রমিক ও পথচারী আহত হন। এ ঘটনা তুলে ধরে মানবাধিকার সংগঠন জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মাহফুজুর রহমান ৯ জুলাই রিট আবেদনটি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আমিনুল হক ও আবেদনকারী আইনজীবী মাহফুজুর রহমান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান ও সহকারী অ্যাটর্নি জেনারেল সামস উদ দোহা।
আদেশের বিষয়টি জানিয়ে আজ আইনজীবী মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, শিল্প মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আদেশ পাওয়ার ৬০ দিনের মধ্যে পোশাকশিল্পসহ যেসব কল-কারখানায় অনিবন্ধিত বয়লার আছে, সেগুলো বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া পোশাকশিল্পসহ যেসব কল-কারখানায় অনিবন্ধিত ও মেয়াদোত্তীর্ণ বয়লার আছে, সে সম্পর্কে পরিদর্শন প্রতিবেদনও দাখিল করতে বলা হয়েছে।
রুলে পোশাকসহ শিল্প–কারখানায় বয়লার বিস্ফোরণে শ্রমিক হতাহতের ঘটনা এড়াতে এবং কর্মস্থল নিরাপদ রাখতে সংশ্লিষ্ট আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিতে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ হবে না এবং ১৯২৩ সালের বয়লার আইনের ২৮ ও ২৯ ধারা অনুযায়ী, দুর্ঘটনা প্রতিরোধে ক্ষতিপূরণ ও শাস্তিমূলক ব্যবস্থার বিধান রেখে বিধিমালা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। সেই সঙ্গে এ ধরনের ঘটনা এড়াতে অবিলম্বে যথাযথ পদক্ষেপ নিতে এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যথাযথ ক্ষতিপূরণের নির্দেশ কেন দেওয়া হবে না, সে বিষয়েও রুলে জানতে চাওয়া হয়েছে।
শিল্পসচিব, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব, শ্রম ও কর্মসংস্থানসচিব, আইনসচিব, দুর্যোগ ও ত্রাণসচিব, স্বরাষ্ট্রসচিব, প্রধান বয়লার পরিদর্শক ও প্রধান কারখানা পরিদর্শক বিবাদীদের তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।