নিবন্ধনহীন মোটরসাইকেল চালাতে নতুন পন্থা!
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নিবন্ধনহীন মোটরসাইকেল চালাতে একশ্রেণির মানুষ নতুন পন্থা বেছে নিয়েছে। তারা অন্যজনের নিবন্ধনের জন্য টাকা জমা দেওয়ার রসিদ ফটোকপি করে ব্যবহার করছে। এতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এসব মোটরসাইকেল অবাধে চলাচল করছে।
শিবগঞ্জ থানা-পুলিশ ও সাত-আটজন ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, ১৫ জুলাই থেকে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র যাচাই অভিযান শুরু হয়। গতকাল শনিবার পর্যন্ত এ উপজেলায় ১০৫টি নিবন্ধনহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পুলিশ কয়েকটি দলে বিভক্ত হয়ে প্রতিদিনই উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে অভিযান চালাচ্ছে। এ অবস্থায় বিভিন্ন সড়কে নিবন্ধনহীন মোটরসাইকেল চলাচল কমে যায়। কিন্তু কয়েক দিন লুকিয়ে থাকা ওই সব মোটরসাইকেল মালিকেরা আবারও সড়কে বের হতে শুরু করেছে। তবে এবার এর জন্য তারা নতুন পন্থা বেছে নিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দুজন মোটরসাইকেল মালিক বলেন, নিবন্ধন-প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যাঁরা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে আবেদনের টাকা জমা দিয়েছেন, তাঁদের কাছ থেকে নিবন্ধনহীন মোটরসাইকেলের মালিকেরা রসিদ চেয়ে নেন। পরে ওই রসিদ ফটোকপি করে লেমিনেটিং করে তা নিজের মোটরসাইকেলের পেছনে ঝুলিয়ে দিচ্ছেন। এতে করে পুলিশ মনে করছে, ওই মোটরসাইকেলের জন্য নিবন্ধন ফি জমা দেওয়া হয়েছে। এ কারণে এসব নিবন্ধনহীন মোটরসাইকেলকে আর সন্দেহ করা হচ্ছে না। ফলে পুলিশের চোখের সামনে এসব নিবন্ধনহীন মোটরসাইকেল অবাধে চলাচল করছে।
গতকাল শনিবার উপজেলা সদরে খোঁজ করে দেখা যায়, নিবন্ধনের জন্য আবেদন করার রসিদ একজনের নামে আর মোটরসাইকেল চালাচ্ছেন অন্যজন—এ রকম ছয়-সাতটি মোটরসাইকেল চোখে পড়ে। তবে তার মধ্যে একই নাম-ঠিকানার রসিদ ঝোলানো তিনটি মোটরসাইকেল দেখা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মোটরসাইকেল মালিক বলেন, ‘আমার পরিচিত তিন-চারজন এভাবে ভুয়া কাগজ ঝুলিয়ে দিব্যি চলাচল করছে। তাঁদের কিছুই হচ্ছে না। এটা দেখে আমিও উৎসাহী হয়ে ওরকম কাগজ ঝুলিয়েছি।’
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেন গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘একজনের রসিদের ফটোকপি অন্যজন মোটরসাইকেলে ঝুলিয়ে চলাচল করছে—এমন অভিযোগের কথা শোনা যাচ্ছে। তবে আমরা এ রকম কোনো কিছু এখনো পাইনি। কেউ যদি এ কাজ করে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসব ভুয়া রসিদের মোটরসাইকেল সড়কে চলতে পারে না।’