নিবন্ধনহীন মোটরসাইকেল ব্যবহার করছে জঙ্গিরা
অপরাধ করে সহজে পালিয়ে যেতে জেএমবি জঙ্গিরা মোটরসাইকেল ব্যবহার করছে। কিন্তু নিবন্ধনহীন ও ভুয়া নম্বর প্লেট গাড়িতে লাগানোর কারণে গাড়ি উদ্ধার হলেও জঙ্গিদের শনাক্ত করা যাচ্ছে না। গত নয় মাসে জঙ্গিদের আস্তানা থেকে নিবন্ধনহীন দুটি মোটরসাইকেল ও একটি ভুয়া নম্বর প্লেট উদ্ধার করে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ। সর্বশেষ পুলিশের এসপি বাবুল আক্তারের স্ত্রীকে গুলি ও ছুরিকাঘাতের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি গতকাল রোববার রাতে উদ্ধার করে নগর (ডিবি) পুলিশ। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নিবন্ধন অনুযায়ী গাড়িটির নম্বরের সঙ্গে ইঞ্জিন ও চেচিজ নম্বরের মিল নেই। নগরের জামাল খান এলাকার এক ব্যক্তির নামে গাড়িটি নিবন্ধন হলেও তিনি দাবি করেন, পাঁচ বছর আগে গাড়িটি বিক্রি করে দিয়েছেন।
গতকাল রোববার নগরের নিজাম রোডের বাসা থেকে বের হয়ে ছেলেকে স্কুল বাস তুলে দিতে জিইসি মোড় যাওয়ার পথে বাসা থেকে ১০০ গজ দূরে মোটরসাইকেলে আসা তিন আরোহী মাহমুদাকে ছুরিকাঘাত ও গুলি করে পালিয়ে যান। পুলিশের উদ্ধার করা মোটরসাইকেলের নম্বর প্লেটে রয়েছে ‘চট্টমেট্রো-ল-১২-৯৮০৭ ’।
আজ সোমবার সকালে বিআরটিএ চট্টগ্রাম কার্যালয়ে গিয়ে জানা যায়, এই নম্বরের গাড়ির মালিকের নাম মো. আবদুর রহিম। পিতা-মৃত সৈয়দ আহমেদ। ১৮ / ১৯ টেরিবাজার, সিটি টাওয়ার, চট্টগ্রাম। ২০১৪ সালে মোটরসাইকেলটির নিবন্ধন করা হয়। জানতে চাইলে নিজেকে টেরি বাজারের কাপড়ের ব্যবসায়ী পরিচয় দিয়ে আবদুর রহিম আজ প্রথম আলোকে বলেন, ‘আমার গাড়ি আমার কাছে রয়েছে। কেউ হয়তো আমার গাড়ির নম্বর ব্যবহার করেছে।’ তার গাড়ির নম্বর ব্যবহার করে এসপি বাবুল আক্তারের স্ত্রীকে দুর্বৃত্তরা খুন করার কথা তিনি জানেন না।
পুলিশের উদ্ধার করা মোটরসাইকেলের ইঞ্জিন নম্বর (আইপি ৫০ এফএমজি-২-এ-১২৯৯৪৬৫) এবং চেচিস নম্বর হলো (বিআরবিএই-১০১০০০০৪২)। বিআরটিএ নিবন্ধন অনুযায়ী মোটরসাইকেলটি নম্বর হচ্ছে চট্টমেট্রো-হ-১৩-১৫৯৭। অথচ ঘটনার দিন দুর্বৃত্তরা গাড়িটিতে অন্য নম্বর প্লেট (চট্টমেট্রো-ল-১২-৯৮০৭) লাগিয়েছিলেন।
চট্টমেট্রো-হ-১৩-১৫৯৭ নম্বরের গাড়িটি বিআরটিএ নিবন্ধন অনুযায়ী মালিক নগরের জামাল খান এলাকার মো. দেলোয়ার হোসেন। ২০১০ সালে গাড়িটি নিবন্ধন করা হয়। জানতে চাইলে আজ সকালে দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ২০১১ সালে এক দালালের মাধ্যমে তিনি মোটরসাইকেলটি ৭০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন। এরপর তিনি গাড়িটি সম্পর্কে কিছুই জানেন না।
বিআরটিএ চট্টগ্রাম কার্যালয়ের মোটরযান পরিদর্শক আবদুল করিম আজ তার কার্যালয়ে প্রথম আলোকে জানান, পুলিশের উদ্ধার করা মোটরসাইকেলটির নম্বর প্লেটের সঙ্গে ইঞ্জিন চেচিজ নম্বরের মিল নেই। অন্য একটি গাড়ি নম্বর এতে লাগানো হয়েছে। নম্বর প্লেট ভুয়া হলেও গাড়ির ইঞ্জিন চেচিজ নম্বর দিয়ে প্রকৃত মালিকানা যাচাই-বাছাই করা যায়।
আবদুল করিম আরও বলেন, মোটরযান আইন অনুযায়ী মালিকানা হস্তান্তরের ৩০ দিনের মধ্যে ক্রেতাকে মালিকানা পরিবর্তনের জন্য এবং বিক্রেতাকে ১৪ দিনের মধ্যে তা বিআরটিএকে লিখিতভাবে জানাতে হবে। মালিকানা হস্তান্তরের পর ক্রেতা-বিক্রেতা কেউ তা না করে থাকলে প্রথমে গাড়িটি যার নামে নিবন্ধন হয়েছে তার নামেই থাকবে বিআরটিএ নথিতে।
এ প্রসঙ্গে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার তার কার্যালয়ে প্রথম আলোকে বলেন, আইন না মানাটা অপরাধ। কেন বিক্রির পর বিক্রেতা বিষয়টি বিআরটিএকে জানাননি তা খতিয়ে দেখা হচ্ছে। আবার কেনার পর অপরাধ করার উদ্দেশ্যেও কেউ বিআরটিএতে নিবন্ধন না করাতে পারেন।
ঘটনার শুরু গত বছরের ২৩ সেপ্টেম্বর নগরের সদরঘাট এলাকা। ছিনতাই করে পালানোর সময় গ্রেনেড বিস্ফোরণে দুই জেএমবি সদস্য নিহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করে একটি একে-২২ রাইফেল ও একটি মোটরসাইকেল। বিআরটিএ পুলিশকে জানিয়েছে, এ নম্বরের কোনো মোটরসাইকেল বিআরটিএতে নিবন্ধন করা হয়নি। পরের মাসের ৬ অক্টোবর নগরের কর্ণফুলী থানার খোঁয়াজনগর এলাকায় জঙ্গি মাহবুবুর রহমানের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এটির নম্বরও ভুয়া। একই বছরের ২৬ ডিসেম্বর হাটহাজারীর আমানবাজারে জেএমবি চট্টগ্রামের প্রধান ফারদিনের ভাড়া বাসায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলি, সেনাবাহিনীর পোশাকের সঙ্গে ‘অনটেস্ট’ লেখা একটি মোটরসাইকেলের নম্বর প্লেট উদ্ধার করা হয়। পুলিশের অভিযানের ১০ দিন আগে ওই বাসা থেকে মোটরসাইকেলটি নিয়ে চলে যান ফারদিন। কখনো ‘অনটেস্ট’ কখনো ভুয়া নম্বর প্লেট লাগিয়ে ফারদিন মোটরসাইকেল ব্যবহার করতেন বলে অভিযানের পর তৎকালীন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার সাংবাদিকদের জানিয়েছেন।
জঙ্গিরা কেন মোটরসাইকেল ব্যবহার করে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার আজ দুপুরে তার কার্যালয়ে প্রথম আলোকে বলেন, অপরাধ করে সহজে পালিয়ে যেতে জঙ্গি কিংবা অপরাধীরা মোটরসাইকেল ব্যবহার করছে। রাস্তায় যানজট কিংবা ট্রাফিক সিগন্যাল থাকলেও মোটরসাইকেল আরোহীরা অনেক সময় ফুটপাত দিয়েও চলে যান। এ ছাড়া অলিগলি দিয়ে ঢুকে সহজে নিজেকে আড়াল করে ফেলা যায়। একজন গাড়ি চালালেও আরেকজন গুলি কিংবা বোমা ছুড়ে পালাতে পারেন।
ইকবাল বাহার আরও বলেন, এসপি বাবুল আক্তারের স্ত্রীকে খুনের ঘটনায়ও মোটরসাইকেল ব্যবহার করা হয়েছে। ইতিপূর্বে চট্টগ্রামে জঙ্গিরা ব্যবহার করেছিল। এ জন্য নগরের গুরুত্বপূর্ণ মোড়ে তল্লাশিচৌকি বসিয়ে মোটরসাইকেল আরোহীদের সন্দেহ হলে তল্লাশি করতে পুলিশ সদস্যদের বলা হয়েছে। কোনো অবস্থাতেই একটি মোটরসাইকেলে তিন আরোহীকে বসতে দেওয়া হবে না।