নিবন্ধনহীন মোটরসাইকেলের ছড়াছড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলার অভ্যন্তরীণ সড়ক-মহাসড়কে বিপুলসংখ্যক নিবন্ধনহীন মোটরসাইকেল চলাচল করছে। এসব মোটরসাইকেলের চালকের অধিকাংশেরই লাইসেন্স নেই।
এদিকে রাজস্ব আদায় বাড়াতে মোটরসাইকেল ও তিন চাকার যানবাহন বিক্রির সময় নিবন্ধন করিয়ে ক্রেতার কাছে তা হস্তান্তরের জন্য সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা থাকলেও বিক্রেতা প্রতিষ্ঠানগুলো তা মানছে না। ফলে সরকার প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
তথ্য অধিকার আইনের আওতায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) শেরপুর সার্কেলের সহকারী পরিচালকের (প্রকৌশল) কাছে আবেদন করে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত শতকের নব্বইয়ের দশকের গোড়ার দিকে শেরপুরে বিআরটিএর কার্যক্রম আংশিকভাবে শুরু হয়। তখন থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত বিআরটিএ, শেরপুর সার্কেল থেকে তিন হাজার ৩৩৭টি মোটরসাইকেলের নিবন্ধন দেওয়া হয়েছে। এর মধ্যে ২০১২-১৩ অর্থবছরে ৩২৫টি মোটরসাইকেলের নিবন্ধন দেওয়া হয়। এ বাবদ ওই (২০১২-১৩) অর্থবছরে রাজস্ব আদায় হয়েছে প্রায় ৫৭ লাখ ৬৭ হাজার ৪৭৫ টাকা।
অপরদিকে বিআরটিএ, শেরপুর কার্যালয় থেকে এ পর্যন্ত ৮৪১ জন চালককে মোটরসাইকেল চালানোর অনুমতিপত্র (লাইসেন্স) দেওয়া হয়েছে। ২০১২-১৩ অর্থবছরে ৯৯ জনকে লাইসেন্স দেওয়া হয়। এ খাতে ওই বছর প্রায় দুই লাখ ২৭ হাজার ৭০০ টাকা রাজস্ব আদায় হয়েছে।
গত ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর শেরপুর জেলা শহরে মোটরসাইকেল বিক্রয়কারী ১০টি প্রতিষ্ঠান ঘুরে জানা গেছে, প্রতিটি প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে গড়ে ৩০টি মোটরসাইকেল বিক্রি হয়। সেই হিসাবে এসব দোকান থেকে বছরে তিন হাজার ৬০০টি মোটরসাইকেল বিক্রি হচ্ছে। অনেকে বাইরে থেকে মোটরসাইকেল কিনে আনছেন।
জেলায় কতসংখ্যক নিবন্ধনহীন মোটরসাইকেল চলছে, সরকারিভাবে তার কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি। জেলায় বর্তমানে প্রায় ১০ হাজার নিবন্ধনহীন মোটরসাইকেল চলাচল করছে বলে হিসাব করে দেখান শহরের এক বাসিন্দা। অনুসন্ধানে জানা যায়, শহরের বিশিষ্ট ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও কয়েকজন পুলিশ কর্মকর্তাও নিবন্ধনহীন মোটরসাইকেল চালাচ্ছেন। এসব মোটরসাইকেলের পেছনে প্লেটে (ফলক) নম্বরের স্থলে অন টেস্ট, এ এফ আর অথবা বিক্রয়কারী প্রতিষ্ঠানের স্টিকার লাগানো আছে।
এদিকে গত বছরের ১৪ আগস্ট বিআরটিএর চেয়ারম্যানের এক পত্রে বলা হয়, রাজস্ব আদায় বাড়াতে মোটরসাইকেল ও তিন চাকার যানবাহন বিক্রির সময় বিক্রেতা প্রতিষ্ঠানকে নিবন্ধন করিয়ে গ্রাহকের কাছে তা হস্তান্তর করতে হবে। ওই পত্র বিআরটিএ, শেরপুর কার্যালয় থেকে সব মোটরসাইকেল ও তিন চাকার যানবাহন বিক্রির প্রতিষ্ঠানকেও পাঠানো হয়েছে। কিন্তু বিক্রেতা প্রতিষ্ঠান বা এজেন্ট/ডিলাররা সরকারের এ নির্দেশনা পালন করছেন না।
জানতে চাইলে শেরপুর জেলা শহরের খরমপুর এলাকায় অবস্থিত মোটরসাইকেল বিক্রয়কারী প্রতিষ্ঠান বাজাজ কর্নারের ব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান বলেন, তাঁদের প্রতিষ্ঠান থেকে বছরে প্রায় চার শ মোটরসাইকেল বিক্রি হয়। বিক্রির সময় প্রত্যেক গ্রাহককে নিবন্ধন করে দেওয়ার কথা বলা হয় এবং এ জন্য প্রয়োজনীয় ফিও চাওয়া হয়। কিন্তু গ্রাহকের অনীহার কারণে বিআরটিএর নির্দেশনাটি তাঁদের পক্ষে প্রতিপালন করা সম্ভব হচ্ছে না বলে তিনি স্বীকার করেন।
শহরের আরেক মোটরসাইকেল বিক্রয়কারী প্রতিষ্ঠান টিভিএস উশিনের ব্যবস্থাপক আতিকুর রহমান বলেন, মোটরসাইকেলের নিবন্ধন ফি কমাতে হবে। এ ছাড়া বিক্রয়মূল্যের সঙ্গে নিবন্ধন ফি পরিশোধ বাধ্যতামূলক করা হলে অনিবন্ধিত মোটরসাইকেল চালানোর সুযোগ বন্ধ হয়ে যাবে।
শেরপুর পুলিশের ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. সিদ্দিকুর রহমান সম্প্রতি প্রথম আলোকে বলেন, বর্তমানে শেরপুর জেলায় যতসংখ্যক মোটরসাইকেল চলাচল করে, তার ৮০ শতাংশেরই নিবন্ধন নেই। তিনি জানান, পুলিশ মাঝেমধ্যেই অভিযান চালিয়ে চালকদের কাছ থেকে জরিমানা আদায় করছে।
বিআরটিএর শেরপুর সার্কেলের সহকারী পরিচালক (প্রকৌশল) কাজী মো. মোরছালীন বলেন, নিবন্ধনহীন মোটরসাইকেলের মালিকেরা শুধু নিবন্ধনের কর ও ফি-ই ফাঁকি দিচ্ছেন না, তাঁরা চালনার অনুমতিপত্র ও বিমা ছাড়াই সড়কে মোটরসাইকেল চালাচ্ছেন, যা ট্রাফিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এটি রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।