নিবন্ধনহীন স্কুলের নামে বই নিলেন ছাত্রলীগের নেতা!
কোনো নিবন্ধন নেই—এমন একটি স্কুলের নামে ছাত্রলীগের এক নেতা ২২০ সেট সরকারি বই নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জের তারানগর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ গত ১৩ ডিসেম্বর কাঁঠালতলী আদর্শ উচ্চবিদ্যালয়ের নামে ২২০ সেট বই বরাদ্দের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনন্দময় ভৌমিকের কাছে আবেদন করেন। আবেদন অনুযায়ী ১ জানুয়ারি তাঁকে ২২০ সেট বই দেওয়া হয়। এলাকাবাসী জানান, কাঁঠালতলী আদর্শ উচ্চবিদ্যালয় নামে কোনো স্কুল কেরানীগঞ্জে নেই। তাঁরা অভিযোগ করেন, একটি ভুয়া প্রতিষ্ঠানের নামে শিক্ষা কর্মকর্তা আনন্দময় ভৌমিক ও ছাত্রলীগের নেতা আবু হানিফ পরস্পর যোগসাজশে বিনা মূল্যের বইগুলো ভাগিয়ে নিয়েছেন। গত সোমবার সরেজমিনে দেখা গেছে, তারানগর ইউনিয়নের কাঁঠালতলী বাজার এলাকার দেলোয়ার হোসেনের নির্মাণাধীন একটি ভবনের নিচতলায় একটি ছোট কক্ষে চার-পাঁচটি বেঞ্চে ১৫/২০ জন ছাত্রছাত্রী বসে আছে। এর পাশেই রাস্তার উল্টো দিকে আধাপাকা একটি কক্ষে টেবিল নিয়ে বসে আছেন তিনজন শিক্ষক।কথিত কাঁঠালতলী আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম জানান, ১ জানুয়ারি তাঁরা স্কুলটি চালু করেছেন। স্থানীয় আটিভাওয়াল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক হান্নান চৌধুরী স্কুলটির প্রতিষ্ঠাতা পরিচালক। স্কুলে প্রায় অর্ধশত শিক্ষার্থী রয়েছে।জানতে চাইলে শিক্ষক হান্নান চৌধুরী বলেন, ‘কাঁঠালতলী আদর্শ উচ্চবিদ্যালয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ছাত্রলীগের নেতা আবু হানিফ স্কুলটি প্রতিষ্ঠা করেছেন।’ছাত্রলীগের নেতা আবু হানিফ বলেন, ‘কাঁঠালতলী আদর্শ উচ্চবিদ্যালয় এক মাস আগে স্থাপিত হয়েছে। স্কুলের নামে ২২০ নয় ৮০ সেট বই নিয়েছি।’ তবে তিনি স্কুলটির নিবন্ধন নেই বলে স্বীকার করেছেন।যোগাযোগ করা হলে শিক্ষা কর্মকর্তা আনন্দময় ভৌমিক বলেন, ‘ছাত্রলীগ নেতার আবেদনের পরিপ্রেক্ষিতে কাঁঠালতলী আদর্শ উচ্চবিদ্যালয়কে কয়েক সেট বই দিয়েছি। আমার জানা ছিল না যে কাঁঠালতলী আদর্শ উচ্চবিদ্যালয় নামে কোনো স্কুল নেই।’উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা খাতুন জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।