নিবন্ধনহীন ১৫৮ অটোরিকশা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিটারবিহীন ও নিবন্ধনহীন সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে চট্টগ্রাম নগরে অভিযান চলছে। ছবিটি গতকাল বেলা একটায় টাইগারপাস মোড় থেকে তোলা l প্রথম আলো
মিটারবিহীন ও নিবন্ধনহীন সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে চট্টগ্রাম নগরে অভিযান চলছে। ছবিটি গতকাল বেলা একটায় টাইগারপাস মোড় থেকে তোলা l প্রথম আলো

মিটারবিহীন সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে গতকাল মঙ্গলবার সকাল থেকে নিবন্ধনহীন অটোরিকশার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া শুরু করেছে পুলিশ। গতকালের অভিযানে নিবন্ধনহীন ১৫৮ অটোরিকশা জব্দ এবং মিটারবিহীন আরও ৯১ অটোরিকশার বিরুদ্ধে মামলা হয়েছে।
গত সোমবার থেকে চট্টগ্রাম নগরে মিটারে অটোরিকশা চলাচল বাধ্যতামূলক করা হয়। প্রথম দিনেই মিটারবিহীন প্রায় এক হাজার অটোরিকশার বিরুদ্ধে মামলা করে ট্রাফিক পুলিশ।
গতকাল সকাল সাতটায় নগরের বিভিন্ন মোড়ে একযোগে নিবন্ধনহীন ও মিটারবিহীন অটোরিকশার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ। অভিযান শুরু হওয়ার পর বিভিন্ন সড়ক থেকে নিবন্ধনহীন অটোরিকশার সংখ্যা কমতে থাকে। কড়াকড়ির কারণে মিটারবিহীন অটোরিকশাও গতকাল নগরে নামেনি। ফলে অটোরিকশায় চলাচলকারী যাত্রীরা দুর্ভোগে পড়েন।

জব্দ করা অটোরিকশা নগরের মনসুরাবাদ পুলিশ লাইনে রাখা হয়েছে l ছবি: প্রথম আলো
জব্দ করা অটোরিকশা নগরের মনসুরাবাদ পুলিশ লাইনে রাখা হয়েছে l ছবি: প্রথম আলো


চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘দিনভর অভিযান চালিয়ে নিবন্ধনহীন ১৫৮ অটোরিকশা জব্দ এবং মিটারবিহীন ৯১ অটোরিকশার বিরুদ্ধে মামলা হয়েছে। কেউ মিটারে গাড়ি না চালালে এবং মিটার ছাড়া রাস্তায় গাড়ি নামালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তারই অংশ হিসেবে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
অটোরিকশাচালকদের সংগঠন ও পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম মহানগর এলাকায় ১৩ হাজার অটোরিকশার নিবন্ধন দেয় সরকার। এর মধ্যে নষ্ট হয়ে যাওয়া চার থেকে পাঁচ হাজার গাড়ি রাস্তায় চলাচল করছে না। এ সুযোগে নিবন্ধনহীন অটোরিকশা নামানো হয়। নতুন গাড়ির নিবন্ধন প্রক্রিয়া ঠেকিয়ে দিতে পুরোনো গাড়ির সংগঠন উচ্চ আদালতে রিট করে। সর্বোচ্চ আদালতে রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিবন্ধনহীন গাড়ি চলাচল নিয়ে সংশয় দেখা দিয়েছে।
উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ উল হাসান প্রথম আলোকে বলেন, ‘নিবন্ধনহীন গাড়িতে মিটার লাগানোর সুযোগ নেই। আবার মিটার ছাড়া সিএনজিচালিত অটোরিকশা রাস্তায় নামারও সুযোগ নেই। আমরা মিটার ছাড়া কোনো অটোরিকশা চালাতে দেব না।’