নিবন্ধনে ভুল, বামনায় ৬৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত
নিবন্ধন ফরমে ভুল হওয়ায় বরগুনার বামনা উপজেলার সারওয়ারজান পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৬৫ জন শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। এদের মধ্যে নিজ নাম, বাবা ও মায়ের নাম ভুল হওয়ায় পাঁচজনের নিবন্ধন বাতিল হয়ে গেছে। বিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এই ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগী শিক্ষার্থীরা অভিযোগ করেছে। শিক্ষার্থীরা জানায়, এ বিদ্যালয় থেকে ২০১০-২০১১ শিক্ষাবর্ষে নবম শ্রেণীর নিবন্ধন করার জন্য ১০০ জন ছাত্র-ছাত্রীর নাম তালিকাভুক্ত করা হয়। কিন্তু অতিরিক্ত বিষয়ের নাম এবং নিজ ও বাবা-মায়ের নাম ভুল হওয়ার পাঁচজন শিক্ষার্থীর নিবন্ধন একেবারেই হয়নি। চলতি বছর বিদ্যালয় কর্তৃপক্ষ ৯৫ জন শিক্ষার্থীর ফরম পূরণ করে বরিশাল শিক্ষা বোর্ডে পাঠায়। বোর্ড কর্তৃপক্ষ গত ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে পূরণকৃত নিবন্ধন (আরআইএফ) ফরমের ক্রম তালিকার ভুল-ত্রুটি সংশোধনের জন্য তা সংশ্লিষ্ট বিদ্যালয়ে পাঠায়। কিন্তু এ সময়ও বিদ্যালয় কর্তৃপক্ষ যাচাই-বাছাই ও ভুল সংশোধন না করেই নিবন্ধন ফরমগুলো বোর্ডে পাঠায় । এতে ৯৫ শিক্ষার্থীর মধ্যে ৬০ জন শিক্ষার্থীর অতিরিক্ত বিষয়ের নাম ভুল হয়ে যায় এবং নিজ ও বাবা-মায়ের নাম ভুল হওয়ায় পাঁচজন শিক্ষার্থীর নিবন্ধন বাতিল হয়ে যায়। কয়েকজন শিক্ষার্থী এ ব্যাপারে আবেদন জানালে সহকারী প্রধান শিক্ষক দেখতে পান, নিবন্ধননকৃত ৯৫ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৬০ জন শিক্ষার্থীর অতিরিক্ত বিষয়ের নাম পরিবর্তন হয়ে গেছে। শিক্ষাবর্ষের এক বছর চার মাস অতিবাহিত হওয়ার পর অতিরিক্ত বিষয় পরিবর্তন হয়ে যাওয়ায় শিক্ষার্থীরা বিপাকে পড়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন বিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতার কারণে নিবন্ধন ফরমে ভুল হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, নিবন্ধন ফরমের ভুলগুলো সংশোধনের চেষ্টা চালানো হচ্ছে।