নিবন্ধনের সময় লাখ টাকা আদায় ভাগ-বাঁটোয়ারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ কলেজে একাদশ শ্রেণীর নিবন্ধন ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে বিধিবহির্ভূতভাবে ৫০ টাকা করে মোট এক লাখ টাকা আদায় করা হয়েছে। এ টাকা কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিরাজ কুমার সাহা ভাগ-বাঁটোয়ারা করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেছে, গত মঙ্গল ও বুধবার একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিবন্ধন হয়েছে। ওই সময় কলেজ কর্তৃপক্ষ তাদের কাছ থেকে বিধিবহির্ভূতভাবে ৫০ টাকা করে আদায় করে।কলেজ সূত্র জানায়, কলেজে একাদশ শ্রেণীতে তিন বিভাগে শিক্ষার্থীর সংখ্যা দুই হাজার। সবার কাছ থেকে ৫০ টাকা করে নিলে এক লাখ টাকা হয়। নিবন্ধনের সময় পরিচালনা পর্ষদের সভাপতি আবু হাসনাত মো. শহীদ নিজে কলেজে উপস্থিত ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের একজন কর্মচারী জানান, শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টাকা পরিচালনা পর্ষদের সভাপতি ও অধ্যক্ষ নিয়ে গেছেন।ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিরাজ কুমার সাহা বলেন, নিবন্ধনের সময় কর্মকর্তা-কর্মচারীরা অতিরিক্ত পরিশ্রম করেছেন। শিক্ষার্থীরা স্বেচ্ছায় তাঁদের জন্য ওই টাকা দিয়েছেন। তিনি বলেন, নিবন্ধনের কাজ করার সময় আপ্যায়নের কিছু ব্যাপার আছে, সেখানে ওই টাকা খরচ করা হবে। তবে কাদের এবং কেন আপ্যায়ন করা হবে, সে ব্যাপারে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। অভিযোগ সম্পর্কে জানতে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আবু হাসনাত মো. শহীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।