নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা শিগগিরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিবন্ধিত (রেজিস্টার্ড) বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই দেওয়া হবে। শিক্ষকদের মহাসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেবেন।সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এ কথা বলেন। কাল ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদ্যাপন উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।প্রতিমন্ত্রী বলেন, জাতীয়করণ-সংক্রান্ত প্রস্তাব ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ হিসেবে পাঠানো হয়েছে। তিনি সময় সুনির্দিষ্ট করে দিলেই মহাসমাবেশের আয়োজন করা হবে।এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদ বলেন, খসড়া পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের ১ জানুয়ারি থেকে জাতীয়করণের ঘোষণা কার্যকর হবে। পরিকল্পনা অনুযায়ী ২৬ হাজার বিদ্যালয় ও এক লাখ তিন হাজার শিক্ষক জাতীয়করণের আওতায় আসবেন।শিক্ষকদের আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী চলতি বছরের ২৭ মে শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে এসব বিদ্যালয় জাতীয়করণ করার আশ্বাস দেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কাল শনিবার শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এবারের দিবসের স্লোগান ঠিক করা হয়েছে ‘সাক্ষরতাই উন্নতি, আনবে দেশে শান্তি’।সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী সাক্ষরতার বিভিন্ন তথ্য তুলে ধরে বলেন, দেশে বর্তমানে সাক্ষরতার হার ৫৯ দশমিক ৮২ শতাংশ। দেশে তিন কোটি ৭৩ লাখ লোক নিরক্ষর ছিল। এর মধ্যে বিভিন্ন উদ্যোগের ফলে এই সংখ্যা ৬০ থেকে ৭০ লাখ কমেছে। সরকার নিরক্ষরতা দূরীকরণে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে।সংবাদ সম্মেলনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক মো. আলমগীরও উপস্থিত ছিলেন।