দেশে নিবন্ধিত মোটরযানের তুলনায় বৈধ লাইসেন্সধারী গাড়িচালক প্রায় ১০ লাখ কম। লাইসেন্সবিহীন চালকদের সঠিক পরিসংখ্যান সরকারের কাছে নেই। গতকাল বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
নুরুন্নবী চৌধুরীর এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, সারা দেশে লাইসেন্সধারী গাড়িচালকের সংখ্যা ১৫ লাখ ৪৮ হাজার ৪৬৫। মোটরযানের সংখ্যা ২৪ লাখ ৪ হাজার ১১৪।
মাহজাবিন খালেদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে যানবাহন চলাচলের যে চুক্তি হয়েছে তার অধীনে অবকাঠামোগত উন্নয়নের ব্যয় স্ব স্ব দেশ বহন করবে। স্বতন্ত্র সাংসদ তাহজীব আলম সিদ্দিকীর প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা শহরের যানজট নিরসনে বিআরটিএ থেকে বেশ কিছু সুপারিশ করা হয়েছে। এর মধ্যে আন্তজেলা বাস টার্মিনাল ঢাকা শহরের বাইরে স্থানান্তর, মিনিবাসের পরিবর্তে ডাবল ডেকার বাস চালু, যত্রতত্র বাস থামানো নিষিদ্ধ করা, প্রাইভেট কারের সিলিং নির্ধারণ করা ইত্যাদি প্রস্তাব রয়েছে।
আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদারের সম্পূরক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘বিআরটিএ কার্যালয়ে দালালদের দৌরাত্ম্য রয়েছে। দালালরা অসাধু কর্মকর্তাদের যোগসাজশে ভেতরে প্রবেশ করে নানা ধরনের অপকর্ম চালায়। কখনো কখনো রাজনৈতিক প্রভাব তারা খাটায়। যে কারণে কর্মকর্তারা অনেক সময় অসহায় হয়ে পড়েন। বিআরটিএতে সরষের মধ্যে ভূত তাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।’