নিবন্ধিত রোগ নির্ণয় কেন্দ্র আছে ৪৬২৯টি, নিবন্ধনহীন অনেক
দেশে রোগ নির্ণয়ের জন্য চার হাজার ৬২৯টি রোগ নির্ণয় কেন্দ্রের (প্যাথলজি) নিবন্ধন আছে। কিন্তু নিবন্ধন নেই এমন রোগ নির্ণয় কেন্দ্রের সংখ্যাও অনেক। সরকারি হাসপাতালের রোগ নির্ণয় কেন্দ্রের অবস্থা ভালো নয়। বাধ্য হয়ে মানুষকে বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্রের ওপর নির্ভর করতে হয়। এসব রোগ নির্ণয় কেন্দ্রের খরচ মধ্য ও নিম্নবিত্ত মানুষের আওতার বাইরে। বাংলাদেশ সোসাইটি অব প্যাথলজিস্টসের ২৮তম জাতীয় সম্মেলনে বক্তাদের বক্তব্যে রোগ নির্ণয় কেন্দ্রের এ চিত্র পাওয়া যায়। গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে এ সম্মেলন হয়। বাংলাদেশ সোসাইটি অব প্যাথলজিস্টস এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে অনেক বক্তা রোগ নির্ণয়, গবেষণা ও প্রশিক্ষণের জন্য একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান গড়ে তোলার দাবি জানান। সম্মেলনে প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, রোগ নির্ণয় কেন্দ্রের দুর্বলতা নিয়ে প্রায়ই অভিযোগ শুনতে হয়। অথচ সঠিক চিকিৎসার জন্য যথার্থ পরীক্ষা নিশ্চিত করা প্রয়োজন। এ ছাড়া কেন্দ্রগুলো হচ্ছে বড় বড় শহরে। জেলা ও উপজেলা পর্যায়ে এসব কেন্দ্রের ব্যবস্থাপনা বাড়াতে হবে। তিনি বলেন, রোগ নির্ণয় কেন্দ্রে যেন প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। একই সঙ্গে সেসব যন্ত্র ব্যবহারের জন্য প্রয়োজনীয় জনশক্তিও তৈরি করতে হবে। অনুষ্ঠানের সম্মানিত অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য মো. নজরুল ইসলাম বলেন, হাসপাতালে ভর্তি হওয়া রোগীর রোগ নির্ণয়ে পরীক্ষার দায়িত্ব ওই হাসপাতালকেই নিতে হবে। সরকারি হাসপাতালে এ ব্যবস্থা আরও ভালো করা প্রয়োজন। এ সেবার জন্য বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে রোগীদের শত ভাগ বেশি খরচ হয়।স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেন বলেন, উপজেলা পর্যায়ে প্যাথলজি পরামর্শক নেই। এ ছাড়া খুব কম সময়ের প্রশিক্ষণ নিয়ে স্বাস্থ্যকর্মীরা জেলা-উপজেলা পর্যায়ে কাজ করছেন। অথচ যক্ষ্মাসহ বিভিন্ন রোগ নির্ণয়ের জন্য দক্ষ প্যাথলজি পরামর্শক প্রয়োজন। তিনি বলেন, ‘ইউজার ফি (সুবিধা গ্রহণের জন্য অর্থ) নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের ঝামেলা হচ্ছে। ওই মন্ত্রণালয় এ ব্যাপারে আমাদের ছাড় দিচ্ছে না।’ বাংলাদেশ সোসাইটি অব প্যাথলজিস্টসের সভাপতি তাহমিনা হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মাহমুদ হাসান ও মহাসচিব শারফুদ্দিন আহমেদ, বিএসএমএমইউর বায়োকেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান এম ইকবাল আর্সলান, বাংলাদেশ সোসাইটি অব প্যাথলজিস্টসের সাধারণ সম্পাদক ফরহাদুল হক প্রমুখ।