নিবন্ধিত সাত হাজার জেলে সহায়তাবঞ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলায় নিবন্ধিত প্রায় সাত হাজার হতদরিদ্র জেলে ভিজিএফের আওতায় খাদ্যসহায়তা পাচ্ছেন না। জেলেদের অভিযোগ, রাজনৈতিক বিবেচনায় এ খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। তাই তাঁরা বঞ্চিত হয়েছেন।
জাটকা শিকারে নিরুৎসাহিত করার জন্য হতদরিদ্র জেলে পরিবারগুলোকে বিশেষ ভিজিএফের আওতায় পরিবারপ্রতি মাসে ৪০ কেজি করে চাল দেওয়া হয়। চলতি বছর চার মাস (মার্চ থেকে জুন) এ কর্মসূচি চলবে বলে গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে।
গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গলাচিপা উপজেলায় ৭ হাজার ৪৩৫ জন এবং রাঙ্গাবালী উপজেলায় ৮ হাজার ৩৮২ জন নিবন্ধিত জেলে আছেন। এর মধ্যে গলাচিপায় বিশেষ ভিজিএফের আওতায় খাদ্যসহায়তা পাচ্ছেন ৪ হাজার ১১৭ জন এবং রাঙ্গাবালীতে ৪ হাজার ৯০৬ জন। ইতিমধ্যে এসব পরিবারের মধ্যে চাল বিতরণ শুরু হয়েছে। মৎস্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, এ দুই উপজেলায় নিবন্ধিত ৬ হাজার ৭৯৪ জন জেলে বিশেষ ভিজিএফের খাদ্যসহায়তা পাচ্ছেন না।
গলাচিপার বোয়ালিয়া গ্রামের জেলে আজিজ গাজী বলেন, ‘দল না করলে কেউ সুবিধা পায় না। আমি কোনো দল করি না। তাই আমাকে ভিজিএফ দেওয়া হয় নাই।’ একই অভিযোগ করেন গলাচিপা বোয়ালিয়া, পানপট্টি ও গোলালখালী গ্রামের বেশ কয়েকজন জেলে।
গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস বলেন, এ বছর গলাচিপায় নিবন্ধিত জেলেদের শতকরা ৬৫ ভাগ এ কর্মসূচির সুবিধা পাবেন। পরে এ সংখ্যা আরও বাড়বে। জেলেদের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘রাজনৈতিক বিবেচনায় নয়, বরং বিশেষ ভিজিএফ-সুবিধা পাওয়ার জন্য স্থানীয় জনপ্রতিনিধিরা নিবন্ধিত জেলেদের মধ্য থেকে তুলনামূলক দরিদ্র জেলেদের বাছাই করেছেন।’
গলাচিপার কাশিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম গাউস তালুকদার বলেন, তাঁর ইউনিয়নে নিবন্ধনভুক্ত জেলে আছেন ৬১০ জন। আর ভিজিএফের আওতায় আছেন ৩৯০ জন। বরাদ্দ কম থাকায় অনেকে পাচ্ছেন না।
রাঙ্গাবালীর চালিতাবুনিয়া গ্রামের জেলে মো. জাফর অভিযোগ করেন, নেতাদের সঙ্গে ভালো সম্পর্ক না থাকলে কোনো জেলে ভিজিএফের সুবিধা পান না।
রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোসলেম উদ্দিন বলেন, রাঙ্গাবালীতে অনেক হতদরিদ্র জেলে এখনো নিবন্ধিত হননি। ফলে তাঁরা এ সুবিধা পাচ্ছেন না। কারা এ সুবিধা পাবেন, সে তালিকা করেছেন এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, পুরোহিত ও সমাজসেবকদের সমন্বয়ে গঠিত কমিটি। এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক প্রভাব ছিল না বলে দাবি করেন তিনি।