নিবন্ধিত হলেও সহায়তা-বঞ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর আট উপজেলায় নিবন্ধিত ৪৮ হাজার ৬৬ জন জেলের মধ্যে ২২ হাজার ৮৯৩ হতদরিদ্র জেলে খাদ্য সহায়তা পাচ্ছেন না। জেলেদের অভিযোগ, জনপ্রতিনিধির পক্ষপাতিত্ব ও রাজনৈতিক বিবেচনার কারণে তাঁরা খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, মৎস্য অধিদপ্তর থেকে জাটকা সংরক্ষণ, জেলেদের বিকল্প কর্মসংস্থান এবং গবেষণা প্রকল্পের আওতায় ১ নভেম্বর থেকে ৩০ জুন (আট মাস) জাটকা সংরক্ষণের সময় ঘোষণা করা হয়। এই সময়ে জাটকা (২৫ সেন্টিমিটারের ছোট ইলিশ) ধরা বন্ধ রাখার কর্মসূচি নেওয়া হয়েছে। সরকার এ সময় হতদরিদ্র জেলে পরিবারকে বিশেষ ভিজিএফের আওতায় মার্চ থেকে জুন পর্যন্ত পরিবার প্রতি ৪০ কেজি চাল দেয়। এ বাবদ জেলায় চাল বরাদ্দ দেওয়া হয়েছে ৪০২৭ দশমিক ৯৮০ মেট্রিক টন।
জেলার নিবন্ধিত জেলেদের মধ্যে ২৫ হাজার ১৭৩ জন খাদ্য সহায়তা পেয়ে থাকেন। পটুয়াখালী সদর উপজেলায় ৩ হাজার ২০৪ জন নিবন্ধিত জেলের মধ্যে সহায়তা পাচ্ছেন ১ হাজার ৪৮১ জন, কলাপাড়া উপজেলায় ১২ হাজার ৭০৭ জনের মধ্যে পাচ্ছেন ৬ হাজার ৯৫ জন এবং বাউফলে নিবন্ধিত ৫ হাজার ১৯৬ জনের মধ্যে সহায়তা পাচ্ছেন ২ হাজার ৯৪৯ জন। গলাচিপায় নিবন্ধিত ৭ হাজার ৪২৬ জন জেলের মধ্যে ৩ হাজার ৩০৯ জন জেলে সহায়তা পাচ্ছেন না। দশমিনায় ৭ হাজার ৯৯৭ জন জেলের মধ্যে ৪ হাজার ২৭ জন সহায়তা পেয়েছেন। রাঙ্গাবালীতে ৮ হাজার ৩৮৩ জন জেলের মধ্যে সহায়তা পাচ্ছেন ৪ হাজার ৯০৬ জন। মির্জাগঞ্জে নিবন্ধিত ১ হাজার ৬৬৯ জন জেলের মধ্যে ৭১৭ জন বঞ্চিত। দুমকি উপজেলায় ১ হাজার ৪৮৪ জন জেলের মধ্যে ৬৪৬ জন খাদ্য সহায়তা পাচ্ছেন।
গলাচিপার বোয়ালিয়া গ্রামের জেলে আজিজ গাজি ক্ষোভ প্রকাশ করে জানান, তিনি খুব গরিব হলেও ভিজিএফের চাল পাননি। কেউ তাঁদের ব্যাপারে কোনো ব্যবস্থাও নেননি। ধার-দেনা করে কোনো রকমে সংসার চলছে তাঁর। পছন্দের লোকজন কিংবা দলীয় বিবেচনায় চাল দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন চালতাবুনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুর রহমান হাওলাদার।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, নিবন্ধিত জেলেদের ৬৫ শতাংশ এই কর্মসূচির সুবিধা পাচ্ছেন। স্থানীয় জনপ্রতিনিধিরা নিবন্ধিতদের মধ্য থেকে তুলনামূলক দরিদ্র জেলেদের বাছাই করে চাল বিতরণ করেছেন। সব জেলেকে এই খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় আনার বিষয়েও মৎস্য অধিদপ্তর কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।