নিবন্ধিত হলো মাহিনুরের সিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মগতভাবে এক হাত না থাকা শারীরিক প্রতিবন্ধী মাহিনুরের সিম নিবন্ধিত হয়েছে। আজ সোমবার দুপুরে তাঁকে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে (এনআইডি) ডেকে নিয়ে দুটি সিম নিবন্ধন করিয়ে দেওয়া হয়।

মাহিনুর রাজধানীর শেওড়াপাড়ার একটি বাসায় খণ্ডকালীন গৃহকর্মীর কাজ করেন। এক হাত নেই বলে সিম নিবন্ধন করতে গিয়ে তাঁকে ফেরত আসতে হয়েছিল। এ নিয়ে আজ প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এরপরে সিম নিবন্ধন করা হয়েছে বলে প্রথম আলোকে জানান মাহিনুর।

গত বছরের ১৬ ডিসেম্বর থেকে আঙুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতিতে সিম নিবন্ধন পদ্ধতি বাধ্যতামূলক করা হয়। নিবন্ধনের জন্য দুই হাতের দুটি করে আঙুলের ছাপ দিতে হয়। সঙ্গে সচল সিম, ছবি ও জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হয়। মাহিনুরের ডান হাতের কনুইয়ের পর থেকে বাকি অংশ নেই।

সিম নিবন্ধন করাতে একাধিক খুচরা বিক্রেতা বা এজেন্টের কাছে যাওয়ার পর মাহিনুরকে ফেরত পাঠানো হয়েছিল। আজ দুপুরে তিনি প্রথম আলোকে জানান, সকালে ফোন করে তাঁকে আগারগাঁওয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে যেতে বলা হয়। সেখানে যাওয়ার পর তাঁর দুটি সিম নিবন্ধন করিয়ে দেওয়া হয়।

মাহিনুর বলেন, তাঁর এক হাতের দুই আঙুলের ছাপ দুইবার করে নিয়ে সিম নিবন্ধন করানো হয়েছে। দুটি মোবাইল ফোন অপারেটরের কর্মী গিয়ে তাঁর সিমের নিবন্ধন সম্পন্ন করেন।