নিভৃত পল্লির মানুষগুলো অসহায়, ভীতসন্ত্রস্ত
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নিভৃত পল্লি আলমপুর গ্রামের মানুষ এখন অসহায়, ভীতসন্ত্রস্ত। রাজনৈতিক প্রতিহিংসার খেসারত দিতে হচ্ছে নিরীহ গ্রামবাসীকে। একদল দুষ্কৃতকারী গ্রামের লোকজনের গাছ নিধন, ফসল চুরি ও খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটাচ্ছে। অভিযোগ রয়েছে, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে এসব ঘটনা ঘটানো হচ্ছে। ভুত্তভোগীদের অভিযোগ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, সর্বশেষ ২২ ফেব্রুয়ারি মধ্যরাতে আলমপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাড়ির উঠানে দুটি বড় খড়ের গাদায় দুষ্কৃতকারীরা আগুন ধরিয়ে দেয়। ৮ ফেব্রুয়ারি একই ব্যক্তির এক বিঘা আলু রাতের আঁধারে লুটে নেয় দুষ্কৃতকারীরা। প্রধান শিক্ষক লাল মোহাম্মদ বলেন, ‘নিজ গ্রামে একজন ইউপি চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ না করার জন্য আমাদের এসব ক্ষতি হচ্ছে।’ ক্ষতিগ্রস্ত আবদুল মোমেন খাঁ আক্ষেপ করে বলেন, ‘আমাদের আলমপুর গ্রামটি দেশ থেকে একটি বিচ্ছিন্ন রাষ্ট্রে পরিণত হয়েছে, যেখানকার শাসকগোষ্ঠী তাদের নিজেদের তৈরি আইনে আমাদের আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে।’ একই গ্রামের সংখ্যালঘু বিকাশ মহন্ত অভিযোগ করেন, আগামী ইউপি নির্বাচনে তিনি হেলালের নির্বাচন করবেন না—এমন কথিত অভিযোগে হেলাল ও তাঁর লোকজন বাঁশের কঞ্চি দিয়ে স্ত্রী-সন্তানদের সামনে তাঁকে মেরে রক্তাক্ত করেছে। অভিযুক্ত মাহফুজুর রহমান হেলাল তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই অভিযোগগুলো তোলা হয়েছে। এগুলো আদৌ সত্য নয়। কোনো ঘটনা ঘটলে তা তদন্ত না করে কাউকে অভিযুক্ত করা ঠিক নয়।’ ক্ষেতলাল থানার এসআই জিল্লুর রহমান বলেন, আসল অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা চলছে।