
বাসে আগুন ও বোমা বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও দুজন গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁদের একজন পোশাককর্মী নাসিমা বেগম। অপরজন ফেনীর বাসিন্দা আবুল কাশেম। তিনি এলাকায় ‘বোমার কারিগর’ হিসেবে পরিচিত।
এর আগে ৩ ও ৪ নভেম্বর সাভার ও গাজীপুরে হরতালকারীদের দেওয়া আগুন ও পেট্রলবোমা হামলায় আহত হয়ে একই হাসপাতালে মারা যান মোস্তাফিজুর রহমান ও কিশোর মনির হোসেন।
গত ২৬ অক্টোবর সন্ধ্যায় (হরতালের আগের দিন) পোশাক কারখানার কাজ শেষ করে বাসে করে বাসায় ফিরছিলেন নাসিমা। মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় বাসটি পৌঁছলে হরতালকারীরা তাতে আগুন ধরিয়ে দেয়। আগুনে তাঁর শরীরের ৪০ ভাগ পুড়ে যায়। তাঁকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। ১৮ দিন মৃত্যুর সঙ্গে লড়ে গত বুধবার রাত দুইটার দিকে তিনি মারা যান। ছোট বোনকে হারিয়ে বিলাপ করেই চলছিলেন রহিমা বেগম। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘হরতালে ক্ষতি হয় গরিবের। মরলেও গরিব মরে। নেতাগো কিছু হয় না।’
রহিমা জানান, তাঁদের গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জে। চার বোনের মধ্যে নাসিমা সবার ছোট। তাঁর স্বামী মানিক মিয়ার সঙ্গে বরিশালেই থাকতেন তিনি। কিন্তু মানিক দ্বিতীয় বিয়ে করায় পাঁচ-ছয় বছর ধরে তাঁর (রহিমা) সঙ্গে রায়েরবাজারেই থাকতেন নাসিমা। চাকরি নেন মোহাম্মদপুরে একটি পোশাক কারখানায়। কারখানার বাসেই যাতায়াত করতেন তিনি।
নাসিমার লাশ গ্রামের বাড়ি বরিশালে নেওয়া হয়েছে। সেখানে তাঁকে দাফন করা হবে।
‘বোমা কারিগরের’ মৃত্যু: ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর বরইয়া গ্রামে গত মঙ্গলবার সন্ধ্যায় বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত হন মো. আবুল কাশেম ওরফে জালি কাশেম (৪২)। গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পুলিশের বরাত দিয়ে ফেনী থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর বরইয়া গ্রামের পেয়ার আহম্মদ ডিলারের বাড়ির পাশে একটি পানির সেচ পাম্পের (অগভীর নলকূপ) ঘরে বসে বোমা তৈরির সময় বিস্ফোরণে আবুল কাশেম গুরুতর আহত হন। সহযোগীরা তাঁকে দ্রুত অজ্ঞাত স্থানে নিয়ে যায়। কিন্তু অবস্থা বেশি খারাপ থাকায় গোপন স্থানে তাঁকে চিকিৎসা দেওয়া যায়নি। ওই রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
এলাকাবাসী জানান, আবুল কাশেম ২০ বছর ধরে এলাকায় বোমা তৈরির কারিগর হিসেবে পরিচিত। নিজে বিএনপির সমর্থক হলেও টাকা দিলে যে কারও জন্য বোমা তৈরি করে দিতেন তিনি। ঘটনার দিন তিনি কাদের জন্য বোমা তৈরি করছিলেন, তা জানা যায়নি।
ফুলগাজী থানার ওসি সৈয়দুল মোস্তফা জানান, আবুল কাশেমের বিরুদ্ধে গত বুধবার একটি মামলা করা হয়েছিল।
ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের তথ্য ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, গত ২৬ অক্টোবর থেকে গতকাল পর্যন্ত যানবাহনের অগ্নিসংযোগ, পেট্রলবোমা ও ককটেল হামলায় ৭৬ জন আহত হন। তাঁদের মধ্যে তিনজন প্রতিবন্ধী। ১৩ জন শিশু। আহতদের মধ্যে মারা গেছেন চারজন।