নিভে গেল শুকতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখাপড়া শিখে বড় হয়ে হয়ে সমাজে একদিন হয়তো আলো ছড়াতে পারত শুকতারা। অথচ গতকাল শুক্রবার চতুর্থ শ্রেণিতেই লেখাপড়ার পাট চুকিয়ে তাকে বসতে হলো বিয়ের পিঁড়িতে। বিকেলে চারটায় নৌকায় করে সে শ্বশুরবাড়ির উদ্দেশে রাজশাহীর পবা উপজেলার চরখিদিরপুর গ্রাম ত্যাগ করে।
শুকতারার বয়স ১২ কি ১৩ বছর। তবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দেওয়া জন্মসনদে তার বয়স উল্লেখ ছিল ১৮ বছর ৪ মাস। কাজি (বিবাহ নিবন্ধনকারী) কাজী এসারুল ইসলাম তা দেখেই বিয়ে নিবন্ধন করলেন।
শুকতারার বাড়িতে বিয়ের আয়োজন দেখে গত বৃহস্পতিবার প্রথম আলোয় ‘শুকতারা নিবুনিবু’ শিরোনামে একটি খবর ছাপা হয়েছিল। স্থানীয় বঞ্চিতি বদল নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা মুরাদুজ্জামান জানান, তাঁরা চেষ্টা করেও এই বিয়ে বন্ধ করতে পারেননি। প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হওয়ার পর তাঁরা ভেবেছিলেন, হয়তো প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নিয়ে বিয়ে বন্ধ করা হবে। কিন্তু তা-ও হলো না।
জানতে চাইলে এসারুল ইসলাম বলেন, ‘মেয়ের বয়স ১৮ হয়েছে। তার সনদপত্রও আছে। আর চরখিদিরপর গ্রামে তো এর চেয়েও ছোট মেয়ের বিয়ে হচ্ছে।’ সুতরাং বিয়ে নিবন্ধন করতে তাঁর তো কোনো অসুবিধা নেই।