নিভে গেল শেষ প্রদীপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা-বাবা ও দুই ভাই-বোনের সঙ্গে ১০ বছর আগে সড়ক দুর্ঘটনার শিকার হয় এক শিশু। ওই সময় ওই চারজন নিহত হলেও বেঁচে যায় শিশুটি। ১০ বছর পর গত সোমবার একই নিয়তি বরণ করে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় শিশু থেকে বেড়ে ওঠা ওই তরুণ।নিহত ওই তরুণের নাম মোহাম্মদ সোহাগ (১৮)। সে ঠাকুরগাঁও পৌরসভার আদর্শ কলোনির মৃত আবদুল মোমিনের ছেলে। সোমবার ট্রাকের ধাক্কায় নিহত হয় সোহাগ।ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চক্রবর্তী জানান, ঠাকুরগাঁও শহরের সার্কিট হাউসের সামনে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় একটি মালবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই বাইসাইকেলের আরোহী সোহাগ মারা যায়। ঠাকুরগাঁও সদর থানার পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। সোহাগের চাচা ওবায়দুর রহমান জানান, ১০ বছর আগে সদর উপজেলার খোঁচাবাড়ি এলাকায় তাঁর ভাই আবদুল মোমিন রাস্তার পাশে দাঁড়িয়ে তাঁর ভাবির সঙ্গে কথা বলছিলেন। এ সময় ভাবি ও তিন ভাতিজা ও ভাতিজি রিকশায় ছিলেন। হঠাৎ একটি যাত্রীবাহী বাস এসে রিকশাসহ তাঁর ভাইকে চাপা দেয়। এতে তাঁর ভাই আবদুল মোমিন (৩৫), ভাবি পেয়ারা বেগম ও তাঁদের দুই সন্তান কোহিনুর (৬) ও রফিকুল (২) নিহত হয়। এ সময় ভাতিজা সোহাগ বেঁচে গেলেও গুরুতর আহত হয়। সেই থেকে সে চাচার বাড়িতেই বড় হতে থাকে। চাচার আর্থিক অবস্থা দেখে সে নিজেই চাচার সঙ্গে বাসের হেলপারের কাজ করত। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চক্রবর্তী জানান, এ ঘটনায় ঠাকুরগাঁও থানায় মামলা হয়েছে।