নিভে গেল ১১ প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া, রংপুর, ফরিদপুর, ভোলা ও ঝিনাইদহে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ ১১ জন নিহত ও ৬০ জন আহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:চকরিয়া (কক্সবাজার): চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার হারবাং এলাকায় একটি বাস, আলুবোঝাই ট্রাক ও অপর একটি যাত্রীবাহী মাইক্রোর মধ্যে ত্রিমুখী সংঘর্ষে পাঁচ ব্যক্তি নিহত ও ৩০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল নয়টায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে বনভোজনের একটি বাস চট্টগ্রাম যাওয়ার পথে হারবাং এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি মাইক্রোবাস আসে। এ সময় মাইক্রোর পেছনে থাকা ট্রাকটি দ্রুত মাইক্রোকে পাশ কাটাতে গেলে প্রথমে বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোর সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই পাঁচ যাত্রী নিহত হয়। নিহতেরা হলেন মাইক্রোবাসের চালক কক্সবাজার সদর উপজেলার মাদ্রাসাপাড়ার মো. ইমরান দস্তগীর (২৩), তাঁর সহকারী একই এলাকার আবুল হাসেম (২২) ও চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি বনপুকুর নলবুনিয়া এলাকার সবজিবিক্রেতা মো. মন্নান (৩৫)। নিহত অপর দুই যাত্রীর পরিচয় জানা যায়নি।রংপুর: পীরগঞ্জ উপজেলায় গতকাল সকালে বনভোজনের বাস খাদে পড়ে তিনজন নিহত ও ৩০ জন আহত হয়েছে। আহতদের পীরগঞ্জ ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, বাসটি সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার মুকিমপুরে রংপুর-ঢাকা মহাসড়কে এলে একজন সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাইকেল আরোহী পীরগঞ্জের হোসেন আলী (৩২), কুষ্টিয়া সদরের আল-আমিন (২৮) ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মোজাম্মেল হোসেনের স্ত্রী মহিমা বেগম (৪৫) নিহত হন। ফরিদপুর: গতকাল দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে জেলার মধুখালী উপজেলা সদরের দাউলিয়া এলাকায় একটি যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে মারুফ বিশ্বাস (৫) নামের এক শিশু প্রাণ হারিয়েছে।ভোলা: গতকাল সকাল সোয়া ১০টার দিকে জেলার চরফ্যাশন উপজেলার কাশেমগঞ্জ বাজার এলাকায় ট্রাকের চাপায় সপ্তম শ্রেণীর ছাত্র সালাউদ্দিন (১৩) মারা গেছে। এ সময় উত্তেজিত জনতা ট্রাকটি আটক করে তাতে আগুন ধরিয়ে দেয় এবং চালক মো. জামালকে গণপিটুনি দেয়। ঝিনাইদহ: বাসের চাকায় পিষ্ট হয়ে মেয়ে সুমি আক্তার (২২) মারা গেছেন। আর মুমূর্ষু বাবা নান্নু মোল্লাকে পাঠানো হয়েছে ঢাকায়। গত বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে খুলনা-কুষ্টিয়া মহাসড়কের ঝিনাইদহের শৈলকুপার চাঁদপুর নামক স্থানে বাসের চাক্কায় পিষ্ট হন।