নিভে গেল ৫০ বছরের 'আলো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠার ৫০ বছর পর বন্ধ হয়ে গেল নাটোরের বড়াইগ্রাম উপজেলার পারবাগডোব দাখিল মাদ্রাসা। সরকারি অনুদান (এমপিও) না পাওয়ায় শিক্ষক-কর্মচারীরা মাদ্রাসা ছেড়ে চলে যাওয়ায় এটি বন্ধ হয়ে গেছে। এতে জেডিসির নিবন্ধিত ১৫ জনসহ প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে।

মাদ্রাসার শিক্ষক-কর্মচারী সূত্রে জানা গেছে, ১৯৬৪ সালের জানুয়ারি মাসে স্থানীয় সমাজসেবক নওশের আলী এলাকায় শিক্ষাবিস্তারের জন্য নিজের ১ দশমিক ৪৯ একর জমির ওপর প্রতিষ্ঠা করেন পারবাগডোব ইবতেদায়ি মাদ্রাসা। প্রতিষ্ঠার পর থেকেই স্থানীয় লোকজনের অনুদানেই চলত এর ব্যয়। ২০০০ সালে এ মাদ্রাসায় দাখিল শাখা খোলা হয়। এরপর নেওয়া হয় এমপিওভুক্তির উদ্যোগ। ২০০৬ সালে এটি মাদ্রাসা বোর্ডের নিবন্ধন (স্বীকৃতি) পায়। ২০১০ সালে সরকার দেড় হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করলেও এই প্রতিষ্ঠানটি করা হয়নি। এরপর সরকার আর কোনো প্রতিষ্ঠান এমপিওভুক্ত করেনি। এ ছাড়া স্থানীয় যেসব ব্যক্তি প্রতিষ্ঠানটিতে আর্থিক সাহায্য দিতেন, তাঁরাও তা বন্ধ করে দেন। এ কারণে প্রতিষ্ঠানটির সুপারিনটেনডেন্টসহ ১১ জন শিক্ষক ও তিনজন কর্মচারী মাদ্রাসা ছেড়ে চলে গেছেন। ফলে পরিচালনা কমিটি ১ জানুয়ারি মাদ্রাসাটি বন্ধ করে দেয়।

মাদ্রাসা বন্ধ করায় বিপাকে পড়েছে মাদ্রাসার দ্বিতীয় থেকে দশম শ্রেণির ২৩৭ জন শিক্ষার্থী। এদের মধ্যে রয়েছে ১৫ জন জেডিসি পরীক্ষার্থী। এ প্রতিষ্ঠান থেকে ইতিমধ্যে তাদের নিবন্ধন করা হয়েছে। এসব শিক্ষার্থী অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানোর চেষ্টা চলছে। তবে নানা সীমাবদ্ধতায় তা অনিশ্চিত হয়ে পড়েছে।

জেডিসির এক শিক্ষার্থীর অভিভাবক আবদুস সালাম বলেন, ‘এভাবে মাদ্রাসাটি বন্ধ হয়ে যাবে তা ভাবতেও পারছি না। আমার ছেলে এখান থেকে জেডিসি পরীক্ষার জন্য নিবন্ধন করেছে। ২০১৬ সালে সে পরীক্ষা দেবে। এখন তার লেখাপড়া নিয়ে আমার চিন্তার শেষ নাই।’

সহাকরী শিক্ষক মাহাববুর রহমান বলেন, ‘এমএ পাস করে বাড়ির পাশের এই প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে ঢুকেছিলাম। ভালো চাকরির সুযোগ পেয়েও যাইনি। এখন সংসার চালাতে অন্য পেশা বেছে নিতে হচ্ছে।’

মাদ্রাসার বর্তমান সুপারিনটেনডেন্ট নিজাম উদ্দিন বলেন, ‘দীর্ঘদিনেও এমপিওভুক্ত না হওয়ায় এবং স্থানীয় লোকজনের অনুদান বন্ধ হওয়ায় প্রতিষ্ঠানটি চালু রাখা সম্ভব হলো না। গত ১০ বছর এখানকার শিক্ষার্থীরা জেডিসি ও দাখিল পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফল করেছে। এলাকার অনেক গরিব পরিবারের ছেলেমেয়ে বাড়িসংলগ্ন এ প্রতিষ্ঠানে লেখাপড়ার সুযোগ পেয়েছে। কিন্তু স্বেচ্ছাশ্রমে আর কত দিন শিক্ষক-কর্মচারীদের ধরে রাখা যায়।’ পরিচালনা কমিটির সভাপতি আবদুর রাজ্জাক সরকার জানান, প্রতিষ্ঠানটি সবদিক থেকেই ভালো ছিল। একে বাঁচিয়ে রাখতে সরকারি উদ্যোগ প্রয়োজন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম চৌধুরী বলেন, ‘প্রতিষ্ঠানটির লেখাপড়ার মান ভালো ছিল। গত বছর এখান থেকে ১৩ জন দাখিল পরীক্ষা দিয়ে ১১ জন পাস করেছে। প্রতিষ্ঠানটি স্থানীয় উদ্যোক্তাদের সহযোগিতায় পরিচালিত হতো। এখন উদ্যোক্তারা সহযোগিতা করছেন না। আমরা এর এমপিওভুক্তির জন্য ওপরে চিঠি দিয়েছি। কিন্তু ২০১০ সালের পর সরকার কোনো প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেনি। তাই প্রতিষ্ঠানটির জন্য কোনো পদক্ষেপ নিতে পারছি না।’