নিমগাছের পাঁচ কোটি চারা রোপণে সরকারি সহায়তা : রেলমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী পাঁচ বছরে সারা দেশে নিমগাছের পাঁচ কোটি চারা রোপণ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নিম ফাউন্ডেশন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিমগাছকে একুশ শতকের গাছ ঘোষণা করেছে। এই গাছের সাহায্যে মানবদেহে নানা ধরনের জটিল রোগের চিকিৎসা করা হয়। তাই নিমগাছের চারা রোপণের উদ্যোগে সরকার সহায়তা করবে।

আজ শুক্রবার সকালে পঞ্চম জাতীয় নিম সম্মেলন ও তৃতীয় হারবাল ওয়ার্ল্ড এক্সপোতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন রেলপথমন্ত্রী ও বোর্ড ইউনানি অ্যান্ড আয়ুর্বেদী সিস্টেম অব মেডিসিনের চেয়ারম্যান মুজিবুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে ২৫ বছর ধরে নিম ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। নিম আয়ুর্বেদী ও ইউনানি দুটিরই অংশ। চিকিৎসাসেবায় নিমগাছ যেমন উপকারী, তেমনি এটি ফসল উৎপাদনে ব্যবহৃত হয়। নিমগাছের কাঠ দিয়ে মূল্যবান আসবাব তৈরি হয়। এক কেজি নিমের পাতার মূল্য ৪৫ টাকা। কিন্তু বাংলাদেশে নিমভিত্তিক শিল্প গড়ে ওঠেনি। এ জন্য সরকারি-বেসরকারি উদ্যোগের এসব গাছ বনায়ন করা প্রয়োজন।

নিম, আমলকী, হরীতকী, বহেরা, তুলসী, বাসকগাছ থেকে ইউনানি ও আয়ুর্বেদী ওষুধ যথাযথভাবে তৈরি করতে পারলে মানবদেহে রোগ-ব্যাধি দ্রুত নিরাময় হয় উল্লেখ করে বক্তারা বলেন, আয়ুর্বেদী ও ইউনানি ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া কম। দিন দিন এসব ওষুধের কদর সারা বিশ্বের বাড়ছে। বাংলাদেশে এর ব্যবহার বৃদ্ধিতে গবেষণাকাজে গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হামিদুর রহমান, হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হাকিম মো. ইউসুফ হারুন ভূঁইয়া, আন্তর্জাতিক নিম ফাউন্ডেশনের চেয়ারম্যান আর সি সাক্সেনা, আয়ুর্বেদী ফার্মাসি লিমিটেডের চেয়ারম্যান ফখরুল ইসলাম মুনশী।