নিমতলী অগ্নিকাণ্ডের শেষ মৃতদেহ দাফন করল আঞ্জুমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত এক হতভাগ্য ব্যক্তির পরিচয় এক বছরেও মেলেনি। বেওয়ারিশ হিসেবে গতকাল তার মৃতদেহ আঞ্জুমান মুফিদুল ইসলামকে দেওয়া হয়েছে। আঞ্জুমান মৃতদেহটি দাফন করেছে। গত বছরের ৩ জুন রাতে পুরান ঢাকার নিমতলীতে রাসায়নিকের গুদাম থেকে ছড়িয়ে পড়া আগুনে ১২৩ জনের মৃত্যু হয়। সেই ভয়াবহ ঘটনার পর থেকেই লাশটি ঢাকা মেডিকেল কলেজের হিমঘরে পড়ে ছিল। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন আহমেদ জানান, নিমতলী ট্র্যাজেডির পর এ লাশটিরই পরিচয় বাকি ছিল। এক বছরেও এর দাবিদার না পেয়ে পরিচয়হীন অবস্থাতেই এর দাফন হবে। সে জন্য লাশটি আঞ্জুমানের কাছে হস্তান্তর করা হয়েছে।ঢাকা মেডিকেল কলেজ মর্গ সূত্র জানিয়েছে, লাশটি পুড়ে এমনভাবে বিকৃত হয়েছে যে এটি পুরুষের না মহিলার তাও বোঝা যায় না। তবে এর ময়নাতদন্তের পর ধারণা করা হয়, লাশটি নারীর। পরিচয় উদ্ধারের নমুনা হিসেবে লাশের কিছু অংশ রাখা হয়েছে বলে জানা গেছে।